মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী শিরিন বানু আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরিন বানু
শিরিন বানু

বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী শিরিন বানু (৬৫) মারা গেছেন। বুধবার মধ্যরাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিরিন বানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
শিরিন বানুর জন্ম ১৯৫১ সালের ২ সেপ্টেম্বর। তাঁর বাবা খোন্দকার শাহজাহান মোহাম্মদ ও মা সেলিনা বানু দুজনেই সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন। স্কুলজীবনেই ছাত্র ইউনিয়নে যোগ দেওয়া শিরিন বানু মুক্তিযুদ্ধ চলাকালে পাবনা এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৭০-৭৩ সাল পর্যন্ত পাবনা জেলা ছাত্র ইউনিয়নের সভানেত্রী ও কিছু সময়ের জন্য পাবনা জেলা মহিলা পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় নারী কমিটির সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
শিরিন বানুর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) এক শোকবার্তায় মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য ভূমিকার কথা স্মরণে এনে বলা হয়, পত্রিকায় প্রকাশিত যুদ্ধরত অবস্থায় পুরুষের পোশাক পরা শিরিন বানুর ছবি তখন তরুণ প্রজন্মকে দারুণভাবে উজ্জীবিত করেছিল। মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকার কথা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক শোকবার্তায় বলা হয়, তাঁর মৃত্যুতে মৌলবাদবিরোধী সমাজ প্রগতির আন্দোলনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবে না।
শোক প্রকাশ করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদ, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কর্মজীবী নারীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় শিরিন বানুর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা প্রদর্শনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরে বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।