মুক্তিযোদ্ধা কমান্ডারকে অপসারণ
দুর্নীতি, অনিয়ম ও অগঠনতান্ত্রিক কার্যকলাপের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শহীদুর রেজাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। গতকাল রোববার জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি পত্র পাঠানো হয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শফিকুল ইসলাম এবং সাংগঠনিক কমান্ডার গাজী খ ম আক্তার স্বাক্ষরিত ওই পত্রে উল্লেখ করা হয়েছে, শহীদুর রেজা অবৈধভাবে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে তাদের নামে ভাতা উত্তোলন, চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন লোকের কাছ থেকে কয়েক লাখ টাকা গ্রহণ করেন। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে উপজেলা কমান্ডার পদ থেকে অপসারণ করা হলো।
সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক কমান্ডার গাজী খ ম আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল পত্রটি বাহক মারফত পাঠিয়ে দেওয়া হয়েছে। এই আদেশ গতকাল ৩১ মে থেকে কার্যকর হবে।