মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট৷ বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার রুলসহ এ আদেশ দেন৷ ঘোষিত তফসিল অনুযায়ী ৪ জুন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা৷
আদালত সূত্র জানায়, গত বছরের ৮ ডিসেম্বর প্রশাসক নিয়োগ এবং এ বছরের ১৪ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন মুক্তিযোদ্ধা কবির আহমেদ খান৷ রিটে বলা হয়, গঠনতন্ত্রের ১৯ (ক) অনুসারে একই দিনে জেলা ও উপজেলায় কেন্দ্রীয় কমান্ডের নির্বাচন হতে পারে না৷
রুলে ঘোষিত তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে৷ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব ও উপসচিবসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে মধ্যে জবাব দিতে বলা হয়েছে৷
রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও গাজী মোশতাক আহমেদ৷ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন৷
মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, আদালত রুল জারিসহ ওই নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন৷ এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে৷