মুক্তিযোদ্ধা চত্বরের একি হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল, বাণিজ্যিক প্রতিষ্ঠানের পোস্টারে ছেয়ে গেছে সিলেট নগরের মুক্তিযোদ্ধা চত্বর। পোস্টারে ঢেকে গেছে স্থাপনাটির নান্দনিক সৌন্দর্য। কিন্তু স্থাপনাটির দেখভাল করার দায়িত্বে নিয়োজিত সিটি করপোরেশন পোস্টার সাঁটিয়ে মুক্তিযোদ্ধা চত্বরের স্থাপনার সৌন্দর্য বিনষ্ট করার কথা জানেই না।
স্থানীয় ব্যক্তিরা জানান, ১৯৯৬ সালে দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় মুক্তিযোদ্ধা চত্বর স্থাপন করা হয়। চত্বরের মাঝখানে নির্মাণ করা হয় একটি স্থাপনা। এটির দেখভাল করার দায়িত্ব দেওয়া হয় সিলেট সিটি করপোরেশনকে।
কদমতলী এলাকার ব্যবসায়ী আলতাব উদ্দিন বলেন, ‘দেখলে মনে হয়, এই চত্বর বুঝি পোস্টার লাগানোর জন্যই তৈরি করা হয়েছে। রাজনৈতিক দলের কোনো নেতা গ্রেপ্তার হলে মুক্তি চেয়ে কিংবা কোনো জনসভার প্রচারণার উদ্দেশে৵ পোস্টার লাগানো হয়। এর দেখাদেখি এখন বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানও তাদের বিজ্ঞাপনী পোস্টার সাঁটানো শুরু করেছে।’
সরেজমিনে দেখা যায়, শ্বেত মার্বেলপাথর দিয়ে নির্মিত চত্বরের স্থাপনাটি পোস্টারে ঢেকে গেছে।
কদমতলী এলাকায় বাসস্ট্যান্ড থাকায় চত্বরের পাশেই একটি উন্মুক্ত স্থান রাখা হয়েছিল। সংস্কারের অভাবে ওই জায়গায় খানাখন্দ তৈরি হয়েছে। এতে পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘পোস্টার সাঁটিয়ে মুক্তিযোদ্ধা চত্বরের স্থাপনাটির সৌন্দর্য বিনষ্ট করার বিষয়টি জানা নেই। এমনটি হয়ে থাকলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। চত্বরের পাশের খানাখন্দে ভরা জায়গাটি সংস্কারের জন্যও উদ্যোগ নেওয়া হবে।’