দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের তালিকায় ২৩ জন রাজাকারসহ ২৭০ জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। গতকাল রোববার পার্বতীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তাঁরা এ তথ্য জানান।
মুক্তিযোদ্ধা সংসদ পার্বতীপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মো. রিয়াজ মাহমুদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এতে বলা হয়, পার্বতীপুরে যে ৭৯০ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্ত করা হয়েছে, এর ২৭০ জনই ভুয়া। মুক্তিযুদ্ধের সময় ওই ব্যক্তিদের বয়স পাঁচ থেকে ছয় বছর ছিল। এর মধ্যে ৬৯ জনের নাম এবং পরিচয় তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। লিখিত বক্তব্যে ২৩ জন চিহ্নিত রাজাকারের নামও তুলে ধরা হয়েছে। এদের নাম গেজেটে থাকায় বিস্মিত হন সাধারণ মুক্তিযোদ্ধারা।
উল্লিখিত মুক্তিযোদ্ধাদের তালিকা চারদলীয় জোট সরকারের আমলে করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদুল হক, সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান, ইয়াসিন আলী, সাইদুর রহমান, শাহজাহান আলীসহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা।
জানতে চাইলে মুক্তিযোদ্ধা সংসদ পার্বতীপুর উপজেলা কমান্ডের কমান্ডার মো. আবদুল হাই বলেন, ‘সংবাদ সম্মেলন করে ভুয়া মুক্তিযোদ্ধার প্রমাণ আজ যাঁরা তুলে ধরছেন তালিকাটি আসলে তাঁদের সময়েই করা। পার্বতীপুরে কোনো ভুয়া মুক্তিযোদ্ধা আছেন কি না, কিংবা তালিকায় রাজাকার ঢুকে থাকলে তা দেখার দায়িত্ব সরকারের। তালিকাটি বিতর্কিত কি না, তা আমার জানা নেই।’