মুক্তিযোদ্ধা নারীদের সমাজ সহজে গ্রহণ করেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিথীকা বিশ্বাস, শিশিরকণা পাকিস্তানি সেনাদের গানবোট গ্রেনেড মেরে উড়িয়ে দিয়েছিলেন। বিথীকা ধরা পড়া এক রাজাকারকে বেয়নেট চার্জ করে মেরেছিলেন। আরেক নারী ওই লাশ সরিয়েছিলেন। মৃণালিনী ওঝা রাজাকারের পরিবারের ভেতরে থেকে তথ্য সংগ্রহ করতেন। গ্রামের সবাই মিলিটারি ও রাজাকারের ভয়ে পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে আছেন, বাচ্চা কান্না শুরু করলে সবার প্রাণ যাবে ভেবে মা তাঁর সন্তানকে পানিতে ডুবিয়ে মেরে ফেললেন। এঁরা সবাই ছিলেন নারী মুক্তিযোদ্ধা।
নিজের ও অন্যদের করা গবেষণা থেকে মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে অংশ নেওয়া এই নারীদের কথা ‘মুক্তিযুদ্ধে নারীর ভূমিকা এবং তারপর...’ শীর্ষক সেমিনারে তুলে ধরেন মুক্তিযোদ্ধা ও বেসরকারি প্রতিষ্ঠান ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ। গতকাল শনিবার বাংলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে নারী পরিষদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ এই সেমিনারের আয়োজন করে।
শারমিন মুরশিদ বলেন, মুক্তিযুদ্ধের পর বিথীকা ও শিশির কণাকে পরিবার ও সমাজ গ্রহণ করেনি। কোনো মুক্তিযোদ্ধা তাঁদের বিয়ে করতে চাননি। ভারতে গিয়ে বিয়ে করেন বিথীকা। অনেকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার ঘটনাটি একেবারে চেপে যান। সাহসী মুক্তিযোদ্ধা হয়েও স্বামীর দ্বিতীয় বিয়ে ও প্রতিনিয়ত নির্যাতন সহ্য করছেন একজন।
নারী পরিষদে এবার সভাপতি নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা শিরিন বানু। নতুন কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক মেজর (অব.) শেখ দলিল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নারী পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল মহলানবীশ। আলোচনায় অংশ নেন পরিষদের সহসভাপতি নাসিমুন আরা হক।