মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র খুনের ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র ঘোষ খুনের ঘটনায় জড়িত সন্দেহে গত সোমবার দুই প্রতিবেশীকে গ্রেপ্তার ও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন প্রদীপ মণ্ডল (২৭) ও মঞ্জুর আলম (২৫)। আটক যুবকের নাম মো. হীরা (২৪)। তাঁরা সবাই সিটি করপোরেশনের সালনার টেক কাথোরা এলাকার বাসিন্দা।
পরেশ চন্দ্র খুনের ঘটনায় তাঁর ছেলে গৌতম চন্দ্র ঘোষ বাদী হয়ে সোমবার জয়দেবপুর থানায় মামলা করেন।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, টেক কাথোরা এলাকায় গৌতমদের বাড়ির পাশে একটি রাস্তা রয়েছে। সম্প্রতি রাস্তাটিতে মাটি ফেলে সংস্কার করায় ব্যবহারে সমস্যা হচ্ছে। এ কারণে তাঁরা প্রতিবেশী প্রদীপের বাড়ির পাশের রাস্তা ব্যবহার করেন। শুক্রবার সন্ধ্যার দিকে গৌতম ব্যক্তিগত গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় ওই রাস্তায় বাঁশের কয়েকটি খুঁটি পোঁতা দেখতে পান। পরে খুঁটি তুলে গাড়ি নিয়ে যাওয়ার সময় প্রদীপ বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে দুই দিন পরই গৌতমদের বাড়িতে মুখোশ পরা একদল লোক হানা দিয়ে তাঁর বাবা পরেশ চন্দ্রকে গুলি করে হত্যা করে এবং আরও তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।