মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা
মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ঠাকুরগাঁও জেলার অবসরপ্রাপ্ত ছয়জন পুলিশ সদস্যকে গতকাল সোমবার সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁদের এই সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা পাওয়া পুলিশের সদস্যরা হলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার পাঁচঘড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত পরিদর্শক মো. আবেদ আলী, পীরগঞ্জ উপজেলার বেলদহী গ্রামের উপপরিদর্শক মো. হযরত আলী, বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া গ্রামের কনস্টেবল তরেন সিংহ, হরিপুর উপজেলার ফিরাইচণ্ডী গ্রামের কনস্টেবল মো. এরফান আলী, বুজরুক গ্রামের কনস্টেবল মো. মোসলেম উদ্দিন ও সদর উপজেলার দেবিপুর গ্রামের কনস্টেবল মো. রহমত আলী।
গতকাল বিকেলে পুলিশ লাইনস মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেনন ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। এতে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক মুহা. সাদেক কুরাইশী, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন প্রমুখ বক্তৃতা দেন। প্রধান অতিথি সংবর্ধনা পাওয়া অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।