মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা
মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ঠাকুরগাঁওয়ের ১২ জন পুলিশ সদস্যকে গতকাল শুক্রবার সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের মধ্যে একজন এখনো পুলিশ বাহিনীতে কাজ করছেন।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীসহ সব সামরিক-বেসামরিক বাহিনী ও ব্যক্তিদের গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন। তাঁরা মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার করেন।
পুলিশ লাইনস মিলনায়তনে গতকাল সকালে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে পুলিশ সুপার ফারহাত আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়া মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা যুদ্ধক্ষেত্রের ঘটনার বর্ণনা দেন। পরে সংবর্ধনা পাওয়া অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।