মুক্তিযোদ্ধা প্রত্যয়ন পেতে রাষ্ট্রদূতের দৌড়ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সাহাব উল্লাহ চাকরিতে প্রবেশের সময় বা আবেদন করার সময় নিজেকে মুক্তিযোদ্ধা ঘোষণা দেননি, তাঁর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সইযুক্ত সনদ নেই, মুক্তিবার্তায় নামও অন্তর্ভুক্ত করেননি। তার পরও তিনি মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যয়নপত্র পেতে পাঁচ বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানায়, এ বছর জুলাই মাসের ১৫ তারিখে চাকরির মেয়াদ শেষ হবে সচিব পদমর্যাদার এই কর্মকর্তার। মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর নাম রয়েছে অতিরিক্ত গেজেটে, রয়েছে সাময়িক সনদও। তাই প্রত্যয়নপত্র পেতে ভিয়েতনাম থেকে টেলিফোন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে তাগাদা দেওয়া হচ্ছে। আবার অন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাঠিয়ে সনদ পেতে জোর তদবিরও করছেন তিনি।
গত ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে সব প্রজ্ঞাপন মেনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুসরণে রাষ্ট্রদূতের আবেদনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। এতে বলা হয়, তিনি সরকারি চাকরিতে প্রবেশের সময় নিজেকে মুক্তিযোদ্ধা ঘোষণা করেছিলেন কি না; তাঁর নাম মুক্তিবার্তায় প্রকাশিত হয়েছিল কি না; মুক্তিযোদ্ধা হিসেবে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সইযুক্ত সনদ নিয়েছেন কি না; তাঁর নাম গেজেটে প্রকাশিত হয়েছিল কি না—এসব তথ্য চাওয়া হয়েছিল। পরে তিনি ২০০৯ সালে ইস্যু করা শুধু সাময়িক সনদপত্র এবং ২০০৬ সালে প্রকাশিত তাঁর নামসহ গেজেটের অতিরিক্ত সংখ্যা জমা দিয়েছেন। কিন্তু বাকি তথ্য তিনি দিতে পারেননি।
একই সঙ্গে সাহাব উল্লাহ মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কি না অথবা চাকরিতে যোগদানের সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করেছিলেন কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট শাখা থেকে জানতে চাওয়া হলে বলা হয় মুক্তিযোদ্ধাবিষয়ক অনুচ্ছেদে ক্রস চিহ্ন রয়েছে।
এই পরিস্থিতিতে সাহাব উল্লাহ মুক্তিযোদ্ধা কি না তা যাচাইয়ের কাজ শুরু করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজ্জামেল হক প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রকৃত মুক্তিযোদ্ধাকে প্রত্যয়নপত্র দিতে। আমরা এ বিষয়ে সব প্রজ্ঞাপন অনুযায়ী যাচাই করে তাঁর মুক্তিযোদ্ধা সনদের বিষয়টি নির্ধারণ করব।’
মন্ত্রী আরও বলেন, ‘ভিয়েতনামের রাষ্ট্রদূত মো. সাহাব উল্লাহকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন বলে আমি কখনো শুনিনি। এ বিষয় তাঁর দলিলপত্রও নেই।’
যোগাযোগ করা হলে ভিয়েতনাম থেকে রাষ্ট্রদূত মো. সাহাব উল্লাহ গত বুধবার প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘আমি ১৯৮১ সালে চাকরিতে যোগদান করি, সে সময় আমার কাছে মুক্তিযুদ্ধ সনদ ছিল না, তাই আমি ক্রস চিহ্ন দিয়েছি।’ তিনি বলেন, ২‘০১০ সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে আমাকে প্রত্যয়নপত্র দেওয়া হয়েছিল কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় সেটা বিবেচনায় নেয়নি। এ জন্য আবার প্রত্যয়নপত্র চেয়েছি।’
এক প্রশ্নের জবাবে সাহাব উল্লাহ আরও বলেন, ‘আমি ভিয়েতনামে থাকায় যেকোনো কর্মকর্তাকে পাঠিয়ে সনদের বিষয়ে খোঁজ নিতেই পারি। এতে দোষের কী আছে।’
সাহাব উল্লাহর গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। যোগাযোগ করা হলে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘তাকে আমি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিতে দেখিনি অথবা জেলার মুক্তিযুদ্ধবিষয়ক কোনো অনুষ্ঠানেও তিনি আসেননি। তবে শুনেছি সাহাব উল্লাহ নাকি সাময়িক সনদ পেয়েছেন।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিবুল হক (এপিডি) প্রথম আলোকে বলেন, এই কর্মকর্তা প্রত্যয়নপত্র না দেখাতে পারলে আমরা চাকরির মেয়াদ এক বছর বাড়াব না। তিনি বলেন, কারও চাকরির মেয়াদই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যাচাই-বাছাই ছাড়া বাড়ানো হবে না। আমরা অনেক নথিই পাঠাচ্ছি, যার প্রত্যয়ন দেওয়া হচ্ছে না। তার মানে কর্মকর্তারা ভুয়া তথ্য দিয়েছেন।
মাইন উদ্দিন খন্দকারের মুক্তিযোদ্ধা সনদ বাতিলে দুদকের চিঠি
সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য প্রয়াত মাইন উদ্দিন খন্দকারের নামে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বাতিলের অনুরোধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে দুদকের সচিব মাকসুদুল হাসান খান জানিয়েছেন, ২০০৯ সালে সরকার মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের বয়স দুই বছর বাড়ানোয় মাইন উদ্দিন খন্দকার নিজে অবৈধভাবে লাভবান হতে ২০০৫ সালের ২৪ ডিসেম্বর ন্যাপ কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনীর সদস্য হিসেবে একটি বিশেষ সনদ সংগ্রহ করে তা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে দাখিল করেন। পরে ২০১০ সালের ১০ মে গেজেটের অতিরিক্ত সংখ্যায় তাঁর নাম মুক্তিযোদ্ধা হিসেবে প্রকাশের পর ২০১০ সালের ৭ জুন একটি সাময়িক সনদ নেন। তিনি ওই সনদ দেখিয়ে ২০১৪ সালের ১২ জানুয়ারি পর্যন্ত চাকরি করেন। কিন্তু তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মানদণ্ডের কোনোটিই পূরণ করেননি। মাইন উদ্দিন খন্দকার ২৫ নভেম্বর মারা যান।
জানতে চাইলে আ ক ম মোজ্জামেল হক বলেন, প্রয়াত মাইন উদ্দিন খন্দকার মুক্তিযোদ্ধা না হওয়ায় তাঁর পোষ্যরাও সরকারি সুযোগ-সুবিধা পাবেন না।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চাকরিতে যোগ দেওয়ার সময় আরও যাঁরা নিজেকে মুক্তিযোদ্ধা ঘোষণা করেননি কিন্তু সুযোগ-সুবিধা নিয়েছেন বা চেষ্টা করছেন তাঁরা হলেন রাষ্ট্রপতির সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, সাবেক কৃষিসচিব এস এম নাজমুল ইসলাম, সাবেক প্রবাসী ও কমর্সংস্থানসচিব খন্দকার শওকত হোসেন, সাবেক প্রাথমিক ও গণশিক্ষাসচিব কাজী আখতার হোসেন, সাবেক শ্রমসচিব নুরুল হক, সাবেক সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, পিএসসির সদস্য ফণীভূষণ চৌধুরী, সাবেক জনপ্রশাসনসচিব এ এস এম আলী কবীর, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ফিরোজ কিবরিয়া, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান এ কে এম আজিজুল হক, তথ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব খলিলুর রহমান ও ক্যাডারবহির্ভূত সাবেক কর্মকর্তা মুহাম্মদ আবুল হোসাইন।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা কর্মচারীদের চাকরির বয়সসীমা প্রথমে দুই বছর ও পরে এক বছর বাড়িয়ে দেয়। এর পরই মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার হিড়িক পড়ে যায়।
গত ২২ জানুয়ারি ‘চাকরির শেষ সময়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার হিড়িক’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয় প্রথম আলোতে। চাকরির মেয়াদ বাড়াতে বা অন্যান্য সুযোগ নিতে বেআইনিভাবে পাঁচ সচিবের সনদ নেওয়ার কথা বলা হয়েছিল ওই প্রতিবেদনে। এরপর অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর পাঁচ সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়। এর ফলে কেউ কেউ চাকরি ছাড়তে বাধ্য হয়, একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এ ছাড়া এখনো মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ স্থগিত রয়েছে। বর্তমানে তিনি প্রাইভেটাইজেশন বোর্ডের চেয়ারম্যান।