মুক্তিযোদ্ধা মামুদ, ভাতা তোলেন আমুদ
মামুদ আলী প্রকৃত মুক্তিযোদ্ধা হলেও তাঁর নামের ভাতা তুলে খাচ্ছেন ছোট ভাই আমুদ আলী ওরফে আমুদ্দা পাগলা। ২৩ বছর আগে মামুদ আলী মারা যান। ১৯৯৮ সাল থেকে আমুদ আলী বড় ভাই মামুদ আলী সেজে ভাতা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন উপজেলার আমতৈল গ্রামে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে আমুদ আলীর প্রতারণার প্রমাণ পাওয়া যায়। এই সুবিধা অব্যাহত রাখার জন্য ২০০৮ সালে জালিয়াতির আশ্রয় নিয়ে তিনি ছবিসহ জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায়ও নিজের নাম মামুদ আলী হিসেবে তালিকাভুক্ত করেছেন।
সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সূত্রে জানা যায়, উপজেলার আমতৈল গ্রামের মৃত ছোমেদ আলীর চার ছেলের মধ্যে সবার বড় মামুদ আলী। আর দ্বিতীয় ছেলে আমুদ আলী। ১৯৭১ সালে চার ভাইয়ের মধ্যে শুধু মামুদ আলী মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭২ সালে মামুদ আলী সেনাবাহিনীতে যোগ দেন। এলাকায় সবাই তাঁকে মামুদ আলী নামে জানলেও সেনা গেজেটে তাঁর নাম মোহাম্মদ আলী হিসেবে ছাপা হয়। এদিকে মুক্তিবার্তায় তাঁর সঠিক নাম মামুদ আলী হিসেবে তালিকাভুক্ত হয়।
মামুদ আলীর স্ত্রী জহুরা বেগম বলেন, ‘আমার স্বামী ১৯৯১ সালে মারা যাওয়ার পর আমি অন্য জায়গায় তিন সন্তান নিয়ে বাস করছি।
আমার স্বামীর নামে দুইবার দুই নামে তালিকা হয়। আমি সেনা গেজেটের তালিকায় থাকা মোহাম্মদ আলী (মুক্তি নম্বর ০১১৮০৭০৯৮২) নামের ওপর ভাতা তুলে সংসার করছি। আমার স্বামীর নাম মামুদ আলী আর আমুদ আলী আমার দেবর।’
আমুদ আলীর ছোট ভাই শুকুর আলী জানান, ‘আমরা চার ভাই। এর মধ্যে বড় ভাই মামুদ আলীই কেবল মুক্তিযোদ্ধা ছিল। শুনেছি মুক্তিযোদ্ধা হিসেবে আমুদ আলী ভাইও ভাতা তুলছেন।’
আমতৈল গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা হোসেন আলী বলেন, ‘মামুদ আলীকে যুদ্ধের সময় আমরা ওস্তাদ বলে ডাকতাম। তখন আমুদ আলীর বয়স ৮-১০ বছর। ওই সময় আমুদ আলী বহেড়াতৈল মুক্তিবাহিনীর ঘাঁটিতে টুকটাক ফরমাশ খাটতেন বলে শুনেছি। তবে নিজের নাম তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় বড় ভাইয়ের নাম ব্যবহার করে ভাতা তোলা ঠিক নয়।’
আমুদ আলী নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, ‘মামুদ আলী নামটি সংশোধন করে আমুদ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ছবিসহ ভোটার তালিকায় আমার নাম এখন মামুদ আলী হিসেবে অন্তর্ভুক্ত করেছি। কারণ, আমার ভাই মামুদ আলী পরিবর্তন করে মোহাম্মদ আলী হয়েছে আর আমি আমুদ আলী থেকে মামুদ আলী হলে অসুবিধা কোথায়।’
কোন যুদ্ধে আপনি অংশ নিয়েছেন, জানতে চাইলে আমুদ আলী বলেন, ‘আমার বড় ভাই মামুদ আলীর সঙ্গে মাঝেমধ্যে কাদেরিয়া বাহিনীর বহেড়াতৈল ক্যাম্পে ফরমাশ খেটেছি। যারা মুক্তিযুদ্ধে যায়নি, তারাও এখন তালিকাভুক্ত হয়েছে। আর আমি তো একটু হলেও ফরমাশ করেছি, তাহলে আমার মুক্তিযোদ্ধা হতে দোষ কোথায়।’
সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গণি মিঞা বলেন, ‘মামুদ আলী প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, আর আমুদ্দা পাগলা কখনো মুক্তিযুদ্ধে অংশ নেননি বলে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি। আমুদ আলীর ভাতা যাতে বন্ধ হয়, সে জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানানো হবে।’
ইউএনও মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, জাতীয় পরিচয়পত্রে বড় ভাইয়ের নাম ব্যবহার করে নিজের নাম গোপন করে মুক্তিযোদ্ধা ভাতা তুলে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।