মুক্তিযোদ্ধা মায়ের আক্ষেপ ঘুচল

‘কিছু করতে না পারুক, ছেলেটা যদি দাঁড়াতে পারত!’ সড়ক দুর্ঘটনায় বাঁ পা হারানো একমাত্র ছেলে শহিদুল ইসলামকে (২৭) নিয়ে এমনই আক্ষেপ ছিল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের মুক্তিযোদ্ধা রাজিয়া খাতুনের (৬৮)। তাঁর সেই আক্ষেপ ঘুচল।
স্বেচ্ছাসেবী সংগঠন জালালাবাদ রোটারি ক্লাবের সহায়তায় জালালাবাদ পঙ্গু হাসপাতাল কেন্দ্রে শহিদুলের কৃত্রিম পা সংযোজন করা হয়। গতকাল সেই পায়ের ওপর ভর করে ছেলেকে দাঁড়াতে দেখলেন মা রাজিয়া।
শুধু কৃত্রিম পা নয়, শহিদুলের জুটেছে একটি চাকরিও। হাসপাতালের লিফটম্যান সহকারী পদে তাঁর চাকরি দেওয়ার বিষয়টি ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তখন সিলেট ও হবিগঞ্জের সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উপস্থিত ছিলেন। রাজিয়া মুক্তিযুদ্ধকালে ৩ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। ২০০৮ সালে ‘চেতনা ৭১ হবিগঞ্জ’ তাঁকে খুঁজে বের করে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করার কাজ করে। হারানো নারী মুক্তিযোদ্ধাকে ফিরে পাওয়ার আনন্দে ২০১২ সালের ২ মার্চ ছয়জন নারী মুক্তিযোদ্ধাকে ঢাকায় সংবর্ধনা দেয় প্রথম আলো। রাজিয়া সেই ছয়জনের একজন। ‘চেতনা ৭১ হবিগঞ্জ’-এর সাধারণ সম্পাদক ও সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী জানান, ওই সংবর্ধনার দিনও সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলের পা হারানো নিয়ে আক্ষেপের কথা শোনান রাজিয়া। এরপর প্রথম আলোর অর্থসহায়তা ও সরকারি অনুদানে রাজিয়ার বসতঘর নির্মাণ ও ছেলের কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করা হয়।
গতকাল সকালে কৃত্রিম পায়ে ভর করে প্রথম দাঁড়াতে সক্ষম হন শহিদুল। এ দৃশ্য দেখতে সাংসদ কেয়া চৌধুরী মুক্তিযোদ্ধা রাজিয়াকে নিয়ে হাসপাতালে যান। তাঁদের সামনে শহিদুলকে লিফটম্যান সহকারী পদে চাকরির নিয়োগপত্র দেন হাসপাতালের পরিচালক মনজুরুল হক চৌধুরী।