চট্টগ্রাম নগরের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি নিয়ে ১১ জন মুক্তিযোদ্ধার যৌথ বিবৃতির প্রতিবাদ জানিয়েছেন ১৬ জন মুক্তিযোদ্ধা।
সম্প্রতি ১১ জন মুক্তিযোদ্ধা গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অভিযোগ করেন, চট্টগ্রাম নগরের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি বিতর্কিত মুক্তিযোদ্ধা দিয়ে গঠিত হয়েছে।
১১ জন মুক্তিযোদ্ধার ওই বিবৃতিকে মিথ্যা, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত অভিহিত করে ১৬ জন মুক্তিযোদ্ধা এক বিবৃতিতে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ, অনৈক্য, বিভ্রান্তি সৃষ্টি এবং প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘অভিযোগকারীদের মধ্যে এমন কেউ কেউ আছেন যাঁরা বিগত মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে বর্তমান মহানগর কমান্ডার মোজাফফর আহমেদের নেতৃত্বাধীন প্যানেলের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে পরাজিত হন। তাঁদের অনেকেই অতীতে ফ্রিডম পার্টি ও বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। এতেই বোঝা যায়, প্রতিশোধ ও প্রতিহিংসার বশবর্তী হয়ে তাঁরা এ ধরনের কাল্পনিক অভিযোগ করে যাচাই-বাছাই কমিটিকে বিব্রত করেছেন, যা অনভিপ্রেত।’
বিবৃতিতে অন্যান্যের মধ্যে স্বাক্ষর করেন জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. ইলিয়াছ, মো. মহসিন, ছৈয়দ মো. এমরান রফিকুল ইসলাম।