মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে বাদ পড়ে হৃদ্রোগে মৃত্যু?
কিশোরগঞ্জ সদর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে বাদ পড়ার পর গত সোমবার এক ব্যক্তি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি করেছে পরিবার। পরে এলাকাবাসী ও মুক্তিযোদ্ধাদের চাপে গত মঙ্গলবার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
ওই ব্যক্তির নাম মো. সফিউদ্দিন (৬৮)। তিনি সদর উপজেলার বাঁশাটি গ্রামের বাসিন্দা। তিনি মারা যাওয়ার পর প্রথমে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের অনুমতি না দেওয়ায় মুক্তিযোদ্ধা ও এলাকার লোকজন লাশ নিয়ে মিছিল করেন। পরে অনুমতি দেওয়া হয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সূত্র জানায়, সদর উপজেলায় গত ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই হয়। এতে ২৯৪ জনের মধ্যে ৪৮ জন টেকেন। এর মধ্যে মো. সফিউদ্দিনও বাদ পড়েন।
সফিউদ্দিনের পরিবারের লোকজন বলেন, মুক্তিযোদ্ধার ভাতা দিয়েই সফিউদ্দিনের সংসার চলত। তাঁর জমিজিরাত নেই। সরকার তাঁকে কিছু খাসজমি বরাদ্দ দিয়েছিল। তাই বাছাইয়ে বাদ পড়ার খবর সহ্য করতে না পেরে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন।
বড় ছেলে আব্দুল আওয়াল বলেন, গত ২৬ জানুয়ারি যাচাই-বাছাইয়ের তালিকা টানানো হলেও বাদ পড়ার বিষয়টি বাবার কাছে গোপন রাখা হয়। ৩০ জানুয়ারি আপিল করার জন্য কাগজে সই দেওয়ার জন্য বললে তিনি বিষয়টি বুঝতে পারেন। তখন চিৎকার করে তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। পরে তাঁকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সোমবার বেলা একটার দিকে তিনি মারা যান।
এলাকার কয়েকজন বলেন, সোমবার সফিউদ্দিনের লাশ বাড়িতে আনার পর দাফনে রাষ্ট্রীয় মর্যাদা দিতে অস্বীকৃতি জানায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। এর প্রতিবাদে লাশ নিয়ে পরদিন দুপুর পর্যন্ত অন্যান্য মুক্তিযোদ্ধা ও এলাকার লোকজন আন্দোলন করেন।
সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান বলেন, ‘পাবলিক সেন্টিমেন্টে’র কারণে পরিস্থিতি শান্ত রাখার জন্য বাধ্য হয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের অনুমতি দেওয়া হয়।
ইউএনও ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব আব্দুল্লাহ আল মাসউদ বলেন, বাদ পড়া ব্যক্তিদের আপিল করার সুযোগ রয়েছে। তাতে অনেকে টিকেও যেতে পারেন।