মুক্তিযোদ্ধা সেজে নেওয়া সুবিধা বাতিল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব কর্মকর্তা-কর্মচারী সরকারি চাকরিতে যোগদানের সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেননি, তাঁরা কোনো সুবিধা নিয়ে থাকলে তা বাতিল হয়ে যাবে। আর যাঁরা ভুল তথ্য দিয়ে চাকরির শেষ সময়ে এসে মুক্তিযোদ্ধা সনদ নিয়ে এক বছর বাড়তি চাকরি করছেন, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল রোববার এ সিদ্ধান্ত নিয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে চিঠি পাঠানোর পর জনপ্রশাসন এ সিদ্ধান্ত নেয়। কোন কোন সরকারি কর্মকর্তা এ ধরনের সুবিধা নিয়েছেন, সে তথ্য আজ থেকে সংরক্ষণ শুরু করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চাকরির শেষ সময়ে এসে ভুল তথ্য দিয়ে যাঁরা সুবিধা নিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ অন্তত চার সচিব, একজন যুগ্ম সচিব, একজন সাবেক সচিব। তবে অন্য কর্মকর্তাদের সনদ বাতিল করা শুরু হলেও একই অভিযোগে অভিযুক্ত সচিবদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলছে, প্রাথমিক তদন্তে অনেকেরই ভুয়া সনদ নেওয়ার প্রমাণ মিলেছে। কিন্তু দুর্নীতি দমন কমিশন আলোচিত ছয় সচিবের বিষয়টি তদন্ত করায় তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। যেসব সচিব চাকরির শেষ সময়ে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন, তাঁরা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞা, সরকারি কর্মকমিশনের সচিব এ কে এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব খোন্দকার শওকত হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার। বর্তমানে দুদক তাঁদের বিষয়ে তদন্ত করছে।
এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী চাকরিতে প্রবেশের সময় যাঁরা নিজেকে মুক্তিযোদ্ধা ঘোষণা করেননি, তাঁদের সনদ ও মেয়াদ বাড়ানোর আদেশ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া চাকরিতে যোগদানের সময় যাঁরা মুক্তিযোদ্ধা ছিলেন না বলে উল্লেখ করেছেন কিন্তু সুবিধাও ভোগ করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওই ছয় সচিবের বিষয়ে কী ব্যবস্থা নিলেন, জানতে চাইলে জনপ্রশাসনসচিব বলেন, তাঁদের বিষয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর দুদক তদন্ত শুরু করেছে। সম্প্রতি দুদক জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছে। অনুসন্ধান শেষে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, একজন গণকর্মচারী চাকরিতে প্রবেশের সময় যদি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা না করেন, তাহলে তিনি গণকর্মচারীদের চেয়ে এক বছর বেশি চাকরি করার সুযোগ পাবেন না। এ বিধান জাতীয় নীতি হিসেবে সব দপ্তর-সংস্থার জন্য সমানভাবে প্রযোজ্য। যেসব সংস্থা বিশেষ কোনো আইন বা বিধান অনুযায়ী স্বায়ত্তশাসন ভোগ করে থাকে, তারাও এসব নির্দেশনা মানতে বাধ্য। চাকরির মেয়াদ বাড়ানোর বিষয়টি একটি সংস্থার অভ্যন্তরীণ বিষয় মনে হলেও এ নির্দেশনা আবশ্যই পালন করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, কোনো কোনো সংস্থা, সরকারি বিশ্ববিদ্যালয় তাদের অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের এক বছরের পরিবর্তে দুই বছর চাকরি করার সুবিধা দিচ্ছে, যা সরকারের ঘোষিত মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন।
মন্ত্রণালয় সূত্র জানায়, ৩০ থেকে ৩৫ বছর চাকরি করার পর অবসর নেওয়ার সময় হলেও মুক্তিযোদ্ধা সনদ দেখাতে পারলেই আরও এক বছর বেশি চাকরি করা যায়। আর এই সুযোগ কাজে লাগাতে মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহের হিড়িক পড়ে যায়। জনপ্রশাসনের পদস্থ কর্মকর্তারা বলছেন, শেষ মুহূর্তে এ ধরনের সনদ নেওয়া অনৈতিক।
২০১৩ সালে মহাজোট সরকারের শেষ সময়ে বেশ কয়েকজন সচিবের নাম অন্তর্ভুক্ত করে মুক্তিযোদ্ধা গেজেট প্রকাশিত হয়েছে। এভাবে সনদ নিয়েছেন চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী, ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণির সরকারি কর্মকর্তা।
২০১০ সালের ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্ব পালনকালে মোল্লা ওয়াহিদুজ্জামানই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক প্রজ্ঞাপনে জানিয়েছিলেন, মুক্তিযোদ্ধাদের বয়সসীমা দুই বছর বাড়ানোর আদেশ জারি করার পর এ সুবিধা নেওয়ার জন্য অনেকেই নানা ব্যাখ্যার মাধ্যমে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে সনদ নেওয়ার চেষ্টা করছেন। তাই যেকোনো একটি মানদণ্ডের ভিত্তিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীকে মুক্তিযোদ্ধা গণকর্মচারী হিসেবে বিবেচনা করতে হবে।
মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ নভেম্বর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞাকে মুক্তিযোদ্ধা উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করেছে। তিনি এ বছরের ৩০ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে যাবেন। চাকরিতে যোগদানের সময় না বললেও মেয়াদের শেষ সময়ে এসে জানিয়েছেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। মন্ত্রণালয় সূত্র জানায়, নিয়াজ উদ্দিন সচিব পরিচয় না দিয়ে আবেদন করেছিলেন। মোল্লা ওয়াহিদুজ্জামান তিন বছর আগেই অবসরে গেছেন। এরপর তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগও পেয়েছেন। গত ১১ জানুয়ারি তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। চুক্তির মেয়াদ আবার বাড়িয়ে এবার তাঁকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। তিনি মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন গত বছরের সেপ্টেম্বরে, চাকরিতে থাকাকালে নেননি। রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অতীতে মুক্তিযোদ্ধাদের কোনো তালিকায় মাসুদ সিদ্দিকীর নাম ছিল না। তিনি সনদ নেওয়ার সময় প্রথম আলোকে বলেছিলেন, ২০০৫ সালে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তিনি মুক্তিযোদ্ধা সনদ নিয়েছিলেন। অন্য সব প্রত্যয়নপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেওয়া হয়েছে বলে তাঁর দাবি। বিজ্ঞান ও প্রযুক্তিসচিব থাকাকালে সনদ নিয়েছেন আমির হোসেন। সম্প্রতি তিনি পিএসসির সচিব হিসেবে বদলি হয়েছেন। তাঁর চাকরির মেয়াদ শেষ হবে আগামী বছর।