মুক্তিযোদ্ধা হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন
নেত্রকোনায় মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন: জেলার মোহনগঞ্জ উপজেলার গাড়াউন্দ গ্রামের রফিকুল ইসলাম ওরফে মুখলেছ এবং খালিয়াজুড়ী উপজেলার মেন্দিপুর গ্রামের মো. রুহুল আমিন ওরফে মিলন।
মামলার বিবরণ থেকে জানা যায়, জলমহালের মাছের ব্যবসা-সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৩ সালের ৯ অক্টোবর অভিযুক্ত ব্যক্তিদের হাতে খুন হন মোহনগঞ্জ উপজেলার নলজুরি গ্রামের মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। হত্যাকাণ্ডের পর তাঁর লাশ স্থানীয় সাতমাধলাই নদে ফেলে দেওয়া হয়। পরে সিদ্দিকুর রহমানের লাশ জেলেদের জালে আটকা পড়ে। এ ঘটনায় পরদিন নিহত ব্যক্তির ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।