মুক্তিযোদ্ধা হয়েও ভাতা পান না তাঁরা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে ২৩ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। এর মধ্যে সরকারি ভাতা পান ১২ জন। গেজেটে নাম না থাকায় ১১ জনই ভাতা পান না। ভাতাবঞ্চিত ওই মুক্তিযোদ্ধাদের অনেকেই পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে দিন কাটাচ্ছেন।
গজরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বশির আহম্মেদ জানান, ওই গ্রাম থেকে তাঁরা ২৩ জন মুক্তিযুদ্ধে অংশ নেন। ২ নম্বর সেক্টরের অধীনে তাঁরা যুদ্ধ করেন। ভারতে প্রশিক্ষণ শেষে কুমিল্লার দাউদকান্দি, গৌরীপুর, গোয়ালমারী, ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং মতলব উত্তরের কালিপুর এলাকায় হানাদার বাহিনীর বিরুদ্ধে তাঁরা সম্মুখযুদ্ধে অংশ নেন। কিন্তু মুক্তিযোদ্ধা সনদ না পাওয়ায় ২৩ জনের মধ্যে ১১ জনই সরকারি ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের অনেকেরই আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ।
সরকারি ভাতাবঞ্চিতদের একজন হলেন জামালউদ্দিন (৬২)। তিনি বলেন, ‘যুদ্ধ কইরা শত্রুগো হারাইলেও জীবনযুদ্ধে আমি পরাজিত। সার্টিফিকেট না থাওনে সরকারি ভাতা পাই না। দেড় লাখ টেয়া কর্জ কইরা তিনডা মাইয়ারে বিয়া দিছি। একখান দোচালা ঘর। বাবুর্চিগিরি কইরা চলি। কাম না থাকলে না খাইয়াই থাহি।’
জামালউদ্দিনের কাছ থেকে জানা গেলে ভাতাবঞ্চিত মুক্তিযোদ্ধা সামছুল হকের (৬১) কথা। তিনি জানান, ওই মুক্তিযোদ্ধার চার সন্তান। ছেলেরা দিনমজুরি করলেও তাঁকে খাবার দেন না। তিনি পক্ষাঘাতগ্রস্ত। কিছুদিন আগে ছেলেদের সঙ্গে রাগ করে তিনি শ্বশুরবাড়ি চলে গেছেন।
গ্রামের ভাতাবঞ্চিত আরেক মুক্তিযোদ্ধা রফিক প্রধান বলেন, তাঁর বড় ছেলে প্রতিবন্ধী। ছোট ছেলে বেকার। ঋণ নিয়ে তিনি মেয়ের বিয়ে দিয়েছেন। সনদ জোগাড় করতে না পারায় তিনি ভাতা পান না। তিনি গজরা বাজারে ঝাড়ুদার ও পাহারাদারের কাজ করেন। ওই কাজ করে তিনি যে টাকা পান তা দিয়ে সংসার চলে না। তাঁর অসুখ লেগেই রয়েছে, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাম্মেল হক বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধা হলেও গেজেটে নাম না থাকায় বৈদ্যনাথপুর গ্রামের অনেকেই সরকারি ভাতা পাচ্ছেন না। গেজেটভুক্ত হওয়ার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে তাঁদের আবেদন করার জন্য বলা হয়েছে। গেজেটভুক্ত হলে তাঁরা ভাতা পাবেন।