মুক্তিযোদ্ধাকে বাড়ি উপহার বিজিবির মহাপরিচালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় বীর প্রতীক সুবেদার মেজর (অব.) সাইদুর রহমানকে বাড়ি উপহার দিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। মহাপরিচালকের পক্ষে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান গতকাল রোববার বাড়িটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
বাড়িটি আধা পাকা। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬ ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ নম্বর ফটকের বিপরীতে সদর উপজেলার হায়দারপুরে বীর প্রতীক সাইদুর রহমানের ব্যক্তিগত ২ শতক জমির ওপর এটি নির্মাণ করা হয়েছে। বাড়িটি তৈরিতে খরচ হয়েছে প্রায় তিন লাখ টাকা। মহাপরিচালকের ব্যক্তিগত তহবিল থেকে এটি তৈরি করা হয়েছে।
এস এম মনিরুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের সময় ইপিআরের (ইস্ট পাকিস্তান রাইফেলস, যা পরে বিডিআর ও সর্বশেষ বিজিবি) সুবেদার মেজর সাইদুর রহমান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর প্রতীক খেতাব পেয়েছেন। নতুন বাড়ি উপহারের মধ্য দিয়ে মহাপরিচালক সাবেক এই সহকর্মীকে সম্মানিত করেছেন।