মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স বাড়ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিসভা। এতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স বাড়ছে না। 

আজ সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবটি তোলা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এর আগে ৫৭ বছর থেকে বাড়িয়ে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬০ বছর করা হয়েছে। এ কারণে বয়স বাড়ানোর প্রস্তাবটি অনুমোদন পায়নি।
২০১৩ সালে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়স ৬০ বছর করা হয়েছিল। সূত্র আরও জানায়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল তাঁদের বয়স শেষ পর্যায়ে ৬১ করার প্রস্তাব করলেও মন্ত্রিসভা তা অনুমোদন করেনি।
উচ্চ আদালতের আদেশে আজ প্রস্তাবটি মন্ত্রিসভায় তোলা হয়। প্রস্তাবে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরে যাওয়ার বয়স ৬৫ বছর করার কথা উল্লেখ করা হয়েছিল।
একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অবসরের বয়সসীমা ৬৫ করার প্রস্তাব মন্ত্রিসভায় তোলার আদেশ দেন। সম্প্রতি হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগ প্রস্তাবটি ৬০ দিনের মধ্যে মন্ত্রিসভায় তোলার আদেশ দেন। তবে তাঁদের বয়স বাড়ানো হবে কি না, এ বিষয়ে আদালতের কোনো নির্দেশনা বা পরামর্শ ছিল না। আদালতের পর্যবেক্ষণ ছিল—এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাহী বিভাগের।