মুক্তিযোদ্ধাদের আবাসিক ভবন হস্তান্তর শুরু
পঞ্চগড়ে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে আবাসিক ভবন হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান তেঁতুলিয়া উপজেলার বন্দিভিটা গ্রামের অসচ্ছল মুক্তিযোদ্ধা মো. নুরল হকের কাছে ভবন হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন।
এ উপলক্ষে বন্দিভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মণ্ডল, জেলা জাসদের সভাপতি আবদুল মজিদ বাবুল, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার ও পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুবাস কুমার সাহা।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মো. নুরল হক বলেন, ‘বাড়ি পাব, এ জন্য মুক্তিযুদ্ধে যাইনি। একটা পতাকা ও দেশের জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। এই অসহায় মুক্তিযোদ্ধাকে পাকা বাড়ি দেওয়ায় সরকারকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
সাংসদ নাজমুল হক প্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের গৌরবদীপ্ত জয়ে জাতি তাঁদের কাছে ঋণী। বর্তমান সরকার পর্যায়ক্রমে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাঁদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও মুক্তিযোদ্ধাদের আবাসিক ভবন নির্মাণ।
পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, বর্তমান সরকার দুস্থ ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের প্রথম পর্যায়ে তেঁতুলিয়া উপজেলায় সাতজনসহ জেলার ২৩ জন মুক্তিযোদ্ধার জন্য আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় দুই কোটি টাকা।