কোনো কিছু পাওয়ার আশায় নয়, প্রিয় মাতৃভূমিকে পাকিস্তািন হায়েনাদের হাত থেকে মুক্ত করতে যুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধারা। রক্তের বিনিময়ে এ দেশ পৃথিবীর মানচিত্রে ঠাঁই পেয়েছে। মুক্তিযোদ্ধাদের কাছে বাংলাদেশের মানুষ চিরঋণী। গতকাল শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ১৪৫ জন মুক্তিযোদ্ধার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসন প্রতিবছরের মতো এবারও এ সংবর্ধনার আয়োজন করে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মো. সাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ নগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে বের করা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক বই মুক্তি-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে ফুল, ক্রেস্ট, উত্তরীয় তুলে দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া ১৪৫ জন মুক্তিযোদ্ধার মধ্যে ৯৩ জন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ড ও ৫২ জন মুক্তিযোদ্ধা নগর কমান্ডের অন্তর্ভুক্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. রুহুল আমীন বলেন, অনেক রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। কিন্তু এ দেশের বিরুদ্ধে একাত্তরের পরাজিত শক্তির চক্রান্ত থেমে থাকেনি। পরাধীনতার সেই সময়গুলোতে বাঙালি জাতিকে ফিরিয়ে নেওয়ার অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বাঙালি জাতি সে ষড়যন্ত্রে কখনো পা দেবে না।
মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড মো. সাহাব উদ্দিন বলেন, ২ লাখ মানুষ মুক্তিযুদ্ধে গিয়েছিল। এখন এ দেশে ১৬ কোটি মানুষ। ২ লাখ মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরসূরিরা এই দেশের ১৬ কোটি মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চার করতে পারবে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের স্মৃতি ও বধ্যভূমিগুলো যথাযথ মর্যাদায় সংরক্ষণের দাবি জানান মুক্তিযোদ্ধারা।