মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি যত্নশীল হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম সিটি করপোরেশন ‘বীর মুক্তিযোদ্ধা সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে একজন মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় রাশিয়ার কনসাল জেনারেল ওলেগ পি বয়কো, মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম সিটি করপোরেশন ‘বীর মুক্তিযোদ্ধা সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে একজন মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় রাশিয়ার কনসাল জেনারেল ওলেগ পি বয়কো, মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিশ্বাস করেন না, এমনকি বাংলাদেশকেই স্বীকার করতে চান না, এ ধরনের ছেলেমেয়েরা এখন মুক্তিযোদ্ধার পোষ্য কোটার সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছেন। তাই মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি আরেকটু যত্নশীল হতে হবে। আর না হলে ভবিষ্যতে চরম পরিণতি অপেক্ষা করছে।
বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। চট্টগ্রাম সিটি করপোরেশন গতকাল সোমবার সকালে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে চট্টগ্রাম জেলা ও নগরের ১৩৯ জন মুক্তিযোদ্ধা ও ১১ জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। জীবিত মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র, নগদ ১০ হাজার টাকা তুলে দেন মেয়র। শহীদ মুক্তিযোদ্ধাদের পক্ষে তাঁদের পরিবারের সদস্যরা সম্মাননা গ্রহণ করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইছহাক মিয়া, চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের কনসাল জেনারেল ওলেগ পি বয়কো, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাংসদ নজরুল ইসলাম চৌধুরী ও সাবিহা মুছা, সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মোহাম্মদ হাসনী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম নগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমেদ ও জেলা ইউনিটের কমান্ডার মো. সাহাবউদ্দিন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নিজাম উদ্দিন ও মঈনুদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রমুখ। মুক্তিযোদ্ধাদের পরিবার ও সন্তানদের প্রতি সুনজর দেওয়ার অনুরোধ জানিয়ে আ জ ম নাছির বলেন, ‘আপনারা (মুক্তিযোদ্ধা) যদি একটু দায়িত্ব নেন, তাহলে আপনাদের পোষ্যরা বিপথগামী হবে না। আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।’ ছেলেমেয়ে ও নাতি-নাতনি কী করছে, কোন মতাদর্শের দ্বারা পরিচালিত হচ্ছে এবং প্রভাবিত হচ্ছে, এ ব্যাপারেও খোঁজখবর রাখতে মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ জানান তিনি।
সম্মাননা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বলেন, স্বাধীনতা পাওয়ার পরও এখন পর্যন্ত এ দেশে একটি চক্র সমানে কাজ করে চলেছে, যাতে মুক্তিযুদ্ধকে ভুল প্রমাণ করা হয়। মুক্তিযোদ্ধারা যখন মুক্তিযুদ্ধ করেছিলেন, তখন কে হিন্দু, কে মুসলিম তা চিন্তা করেননি। কিন্তু তাহলে আজ কেন নাসিরনগর হয়?’ পরবর্তী প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে মুক্তিযোদ্ধাদের প্রতি অনুরোধ জানান তিনি।