মুক্তিযোদ্ধাদের ভাতার টাকায় নেতাদের ভাগ
বরগুনায় নতুন ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের টাকায় জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতাদের ভাগ বসানোর অভিযোগ পাওয়া গেছে।
বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলায় গত অর্থবছরে ৭১ জন মুক্তিযোদ্ধাকে নতুন করে ভাতাসুবিধা দেওয়ার জন্য তালিকাভুক্ত করা হয়। এসব মুক্তিযোদ্ধাকে গত এক বছরের ভাতার অর্থ বাবদ মাথাপিছু এককালীন ৩৬ হাজার টাকা (মাসিক তিন হাজার টাকা করে) বরাদ্দ দেওয়া হয়। বরগুনা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে তাদের টাকা দেওয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করার কথা থাকলেও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কয়েকজন নেতা সহায়তা ভাতার অর্থ তুলতে সহায়তার নামে ভাতার অর্থে বিভিন্ন খাত দেখিয়ে ভাগ বসান।
ইউএনও কার্যালয়ের কর্মকর্তারা বলেন, প্রত্যেক মুক্তিযোদ্ধার ভাতার অর্থ তোলার জন্য তাঁদের নামে সোনালী ব্যাংক বরগুনা কোর্ট বিল্ডিং শাখায় হিসাব নম্বর খোলা হয়েছে। এরপর পাস বই ইস্যু করা হয়। কিন্তু এসব পাস বই জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা নিয়ে যান।
সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী জামাল হোসেন বলেন, মুক্তিযোদ্ধাদের পক্ষে সদর উপজেলা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম ভাতাপ্রাপ্ত সব মুক্তিযোদ্ধার পাস বইগুলো নিয়ে যান। গত সোমবার থেকে মুক্তিযোদ্ধাদের জন্য সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখা থেকে ভাতা বিতরণ শুরু হয়।
নাম প্রকাশ না করার শর্তে ভাতা গ্রহণকারী একাধিক মুক্তিযোদ্ধা বলেন, ভাতার অর্থ তোলার জন্য সোমবার ব্যাংকে যাওয়ার পর তাঁদের স্বাক্ষরে প্রত্যেকের নামে ৩৬ হাজার টাকা তোলা হয়। পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ মিয়া, জেলা সংসদের সাংগঠনিক কমান্ডার বজলুর রশিদ, সদর উপজেলার ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম তাঁদের কাছ থেকে বিভিন্ন খাত দেখিয়ে চার হাজার টাকা কেটে রাখেন। এরপর বাকি টাকা মুক্তিযোদ্ধাদের হাতে দেন। এ সময় কয়েকজন মুক্তিযোদ্ধা এতে আপত্তি করলেও তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার হুমকি দেন নেতারা। আবার কয়েকজনকে অনৈতিকভাবে ভাতাসুবিধা পাইয়ে দেওয়ায় তাঁদের কাছ থেকে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।
মুক্তিযোদ্ধারা বলেন, চার হাজার টাকা রেখে দেওয়ার সময় তাঁদের তিনটি রসিদ ধরিয়ে দেওয়া হয়। এতে দেখা যায়, জেলা কমান্ড কাউন্সিলের মুক্তিযোদ্ধা কল্যাণ তহবিলের নামে তিন হাজার, সদর উপজেলা কমান্ড কাউন্সিলের কল্যাণ তহবিলের নামে ৫০০ এবং নামবিহীন সমবায় সমিতির নামে আরও ৫০০ টাকাসহ চার হাজার টাকা রাখা হয়েছে।
আবদুর রশিদ মিয়া বলেন, ‘জেলা কমান্ডের নামে তিন হাজার টাকা নিচ্ছি। তবে সেটা বাধ্যতামূলক নয়। যার ইচ্ছা সে দেয়। জেলা কমান্ডের কার্যালয় টাইলস করায় আমাদের কিছু দেনা হয়েছে। এই দেনা পরিশোধের জন্য এ অর্থ নিচ্ছি।’ তবে ৩০ হাজার টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
সদর উপজেলা কমান্ডার মতিয়ার রহমান বলেন, ‘উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নামে টাকা রাখার কোনো সিদ্ধান্ত হয়নি। আমি এ বিষয়ে কিছুই জানি না।’
সোনালী ব্যাংক বরগুনা কোর্ট বিল্ডিং শাখার ব্যবস্থাপক আবদুস সালাম হাওলাদার বলেন, এ বিষয়ে তাঁদের কোনো দায় নেই। ব্যাংকের কেউ এসব অনিয়মের সঙ্গে জড়িত নন।
ইউএনও গোলাম মোহাম্মদ ভুঁইয়া বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।