মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের হাতে নির্যাতিত আরও ২৩ বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করতে যাচ্ছে সরকার। গতকাল বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর পক্ষে প্রশ্নের জবাব দেন নৌমন্ত্রী শাজাহান খান।
মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক যেসব নারী সম্ভ্রম হারিয়েছেন, যাঁরা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়ে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন, সেসব বীরাঙ্গনার অবদানের স্বীকৃতি হিসেবে তাঁদের সম্মানী ভাতা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে এ বিষয়ে আদালতের নির্দেশনাও এসেছে।
গত বছরের ১২ অক্টোবর ৪১ জন বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে সরকার। এরপর চলতি বছরের মার্চ মাসে আরও ২৬ বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়।
জয়পুরহাটের সাংসদ সামছুল আলম দুদুর প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, বর্তমানে বীরাঙ্গনাদের পূর্ণাঙ্গ কোনো তালিকা এ মন্ত্রণালয়ে সংরক্ষিত নেই। তবে মুক্তিযুদ্ধ জাদুঘরে বীরাঙ্গনাদের একটি তালিকা সংরক্ষিত আছে।
অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য সারা দেশে আলাদা কবরস্থান করা হবে। এ ছাড়া ইতিমধ্যে মৃত মুক্তিযোদ্ধাদের সবার কবরের জন্য একই রকম ফলক করা হবে, যাতে সবাই বুঝতে পারে এটি একজন মুক্তিযোদ্ধার কবর। প্রতিটি ফলকের জন্য দুই লাখ টাকা বরাদ্দ রাখা হবে।