মুক্তিযোদ্ধার দাবি সঠিক নয় তিন কর্মকর্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন মহাপরিচালক, একজন পরিচালক ও একজন উপপরিচালকের মুক্তিযোদ্ধা দাবি সঠিক নয় বলে প্রতিবেদন জমা দিয়েছে দুদকের অনুসন্ধান দল। গতকাল মঙ্গলবার এ বিষয়ে দলটি প্রতিবেদন জমা দিয়েছে বলে দুদকের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে।
সংস্থাটির আইন বিভাগের মহাপরিচালক (ডিজি) কামরুল হোসেন মোল্লা, পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া এবং উপপরিচালক ঢালী আবদুস সামাদের কাগজপত্র ও সনদ যাচাই করে যে তথ্য পাওয়া গেছে, তাতে তাঁরা মুক্তিযোদ্ধা গণকর্মচারী হিসেবে বিবেচিত হতে পারেন না বলে সূত্রটি জানায়।
দুদকের ওই সূত্রটি জানায়, প্রতিবেদনে সংস্থাটির উপপরিচালক এস এম গোলাম মাওলা সিদ্দিকী, পরিচালক রঞ্জন কুমার মজুমদার (অবসর প্রস্তুতিকালীন ছুটি ভোগরত), সহকারী পরিদর্শক আবদুস সোবহান, কোর্ট সহকারী (এএসআই) নুরুল ইসলাম ও ইসহাক ফকিরের সনদ সঠিক বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইন শাখার ডিজি কামরুল হোসেন মোল্লা জেনারেল ওসমানী স্বাক্ষরিত যে সনদ নিয়েছেন, তাতে অধিনায়কের স্বাক্ষর নেই। উপপরিচালক ঢালী আবদুস সামাদের উল্লেখ করা মুক্তিবার্তার নম্বর সঠিক নয়। অন্যদিকে পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত যে সনদ নিয়েছেন, সেটাও সঠিক নয়।
এ ছাড়া মুক্তিযুদ্ধের সময় তিনজনেরই বয়স ১৬ বছরের কম ছিল। তাঁদের সনদ দেওয়ার ক্ষেত্রে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুসরণ করা হয়নি।
মুক্তিযোদ্ধা সনদ নিয়ে বিতর্কের জের ধরে গত বছরের ২১ অক্টোবর নিজস্ব নয়জন কর্মকর্তার সনদ যাচাইয়ের সিদ্ধান্ত নেয় দুদক। ২২ অক্টোবর সংস্থার উপপরিচালক মো. জুলফিকার আলীর নেতৃত্বে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করে অনুসন্ধান শুরু হয়। দলের আরেক সদস্য সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম।
দুদক সূত্র জানায়, অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়ার দিনই দুদকের পরিচালক গোলাম ইয়াহিয়া অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার আবেদন করেন। দরখাস্ত দিয়ে তিনি আর অফিসে আসেননি। গোপনে জমা দেওয়া ওই আবেদনে তিনি ওই বছরের ১ জুলাই থেকে ভূতাপেক্ষে এর কার্যকারিতা দেওয়ার অনুরোধ জানান। এ ছাড়া মুক্তিযোদ্ধা হিসেবে চাকরির মেয়াদ এক বছর বাড়িয়ে তিনি যে এক মাস বেতন-ভাতা নিয়েছেন, সেটিও ফেরত দেওয়ার আগ্রহ দেখান। তাঁর বিষয়টি অনুসন্ধান করে গত ১৬ নভেম্বর প্রতিবেদন জমা দেয় অনুসন্ধান দলটি। সেখানে তাঁর সনদ ও গেজেট বাতিলের সুপারিশ করা হয়।
মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের পর গতকাল দেওয়া প্রতিবেদনে তিন কর্মকর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হতে পারে, জানতে চাইলে দুদকের একাধিক কর্মকর্তা জানান, কমিশন চাইলে এ বিষয়ে অনুসন্ধান করতে পারে; বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। চাইলে ফৌজদারি মামলাও করা যেতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনই নেবে।
এর আগে দুদক সচিব পর্যায়ের চার কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এর ভিত্তিতে দুই সচিব স্বেচ্ছায় অবসরে যান, এক যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পুলিশের অতিরিক্ত ডিআইজিসহ আরও কয়েকজন পদস্থ সরকারি কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদও যাচাই করছে দুদক।