মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি, সাবেক সাংসদসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে গত রোববার গভীর রাতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সাবেক সাংসদসহ ওই বাড়ির চারজন আহত হয়েছেন৷ এ সময় বাড়ি থেকে দুটি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র লুট করা হয়৷
আহত ব্যক্তিরা হলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউর রহমান (৫৮), তাঁর স্ত্রী নারগিস সুলতানা (৫০), বড় ভাই সাবেক সাংসদ আবদুর রউফ খান (৭০) ও বন্ধু মাহবুবুর রহমান (৫৬)৷ তাঁদের ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে৷
পুলিশ, এলাকাবাসী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাত দেড়টার দিকে উপজেলার আরুয়া ইউনিয়নের মালুচি গ্রামে রেজাউর রহমানের বাড়িতে ১০-১২ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত হানা দেয়। এরপর তারা শাবল দিয়ে রেজাউরের কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় চাপাতি ও রামদা দিয়ে রেজাউর ও নারগিস সুলতানাকে আঘাত করা হয়। পরে পাশের কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে মাহবুবুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা।
এ সময় রেজাউরের বড় ভাই আবদুর রউফ এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় রড দিয়ে তাঁকে পিটিয়ে জখম করা হয়৷ এরপর আবদুর রউফের কক্ষে থাকা লাইসেন্স করা একটি একনলা বন্দুক এবং রেজাউরের কক্ষে থাকা একটি রিভলবার ও ৪০টি গুলি নিয়ে পালিয়ে যায়৷ পরে চিৎকার শুনে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান৷ উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার সকালে তাঁদের ঢাকার একটি ক্লিনিকে ভর্তি করা হয়৷
আবদুর রউফ খান বলেন, তাঁর ভাই রেজাউরকে হত্যার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। তবে কারা হামলা চালিয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, গতকাল সকালে পুলিশ সুপার বিধান ত্রিপুরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে৷ মামলার প্রস্তুতি চলছে৷
আশুলিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: ঢাকার আশুলিয়ার শ্রীপুরে গত রোববার রাতে গফুর মিয়া নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের ছুরিকাঘাতে ওই ব্যবসায়ী আহত হয়েছেন। গৃহকর্তার দাবি, ডাকাতেরা তাঁদের বাড়ি থেকে নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে৷ তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।