মুক্তিযোদ্ধার মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা কাজী শাহনেওয়াজের মুক্তির দাবিতে নড়াইলের লোহাগড়ায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ হয়েছে। গতকাল বুধবার বিকেলে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, খুলনার রূপসায় কাজী শাহনেওয়াজের মালিকানাধীন ভবনে প্রিন্স ডিস্ট্রিবিউশন অ্যান্ড কোম্পানি নামের প্রতিষ্ঠানে গত ১০ অক্টোবর র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) অভিযান চালিয়ে নকল ওষুধ উদ্ধার করে। এ ঘটনায় কাজী শাহনেওয়াজসহ চারজনের নামে মামলা করে র্যা ব। অভিযানের দিনই কাজী শাহনেওয়াজকে গ্রেপ্তার করা হয়। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী (সিআইপি)। তিনি বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি এবং খুলনা শিল্প ও বণিক সমিতির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। এ ছাড়া খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। তাঁর বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে।
মুক্তিযোদ্ধা সমাবেশে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফকির মফিজুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম গোলাম কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল হামিদ, সহকারী কমান্ডার সৈয়দ আলী আফজাল, অজয় মজুমদার, শেখ আবদুল হান্নান ও মুক্তিযোদ্ধা আনসার শিকদার।
সমাবেশে বক্তারা বলেন, যে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নকল ওষুধ উদ্ধার করা হয় সেটি শাহনেওয়াজ ভাড়া দিয়েছিলেন। ভাড়াটের কর্মকাণ্ডের জন্য কাজী শাহনেওয়াজ দায়ী হতে পারেন না। তিনি একাত্তরের রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। এই মুক্তিযোদ্ধাকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া হোক।