মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করার আগে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
কয়েকজন মুক্তিযোদ্ধার করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খিজির আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই রুল দেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইনসচিব ও মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুতকরণ কমিটিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আবেদনকারী পক্ষ জানায়, একেক সরকার একেক সময়ে বিধিমালা, গাইডলাইন দিয়ে একেকভাবে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায়িত করছে। অন্যরা এসে তা বাতিল করে দেয়। এ জন্য আইনের মাধ্যমে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা প্রয়োজন।
জামাল উদ্দিন শিকদারসহ ছয় মুক্তিযোদ্ধার করা এ রিট আবেদনের পক্ষে গতকাল আদালতে শুনানি করেন আইনজীবী রফিকুর রহমান ও হাসনাত কাউয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
মুক্তিযোদ্ধা শনাক্তে সংজ্ঞা নির্ধারণ ও আবেদন যাচাই-বাছাই সম্পর্কিত একটি দৈনিক পত্রিকার প্রতিবেদন এই আবেদনের সঙ্গে যুক্ত করা হয়েছে।