মুক্তিযোদ্ধার সন্তানকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. শাহনেওয়াজ শাহানশাহর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মুক্তিযোদ্ধার সন্তানকে মারধর ও একজন মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
জিডি ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র শেখ মোহাম্মদ নূরুন্নবী ওরফে অপুর সমর্থক মুক্তিযোদ্ধা আফসার আলীর ছেলে মাসুদ মিয়া গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে শহরের মাদ্রাসা রোডের রাজু আর্ট নামের একটি দোকানে বসে ছিলেন। তখন শাহনেওয়াজ দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহরে প্রচারণা চালাচ্ছিলেন। একপর্যায়ে শাহনেওয়াজ দোকানে ঢুকে মাসুদকে মারধর করেন। এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টায় বঙ্গবন্ধু পরিষদের উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা কামাল চৌধুরীকে হত্যার হুমকি দিয়ে খুদে বার্তা পাঠান শাহনেওয়াজ। ওই সব ঘটনা নিয়ে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে বিক্ষোভ মিছিল করা হয়।
এদিকে বৃহস্পতিবার রাত নয়টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা শাহনেওয়াজের সমর্থকদের মারধর করেছেন মর্মে অভিযোগ তুলে শুক্রবার রাতে চরভবসুর ঠোটাপাড়া মসজিদ মাঠে তাঁর (শাহনেওয়াজ) সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেন।
মাসুদ মিয়া বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় শাহনেওয়াজ আমাকে প্রকাশ্যে মারধর করেন। মারধরের ঘটনায় আমি জিডি করেছি।’
কামাল চৌধুরী বলেন, ‘একজন মুক্তিযোদ্ধার সন্তান মেয়র প্রার্থী থাকায় আমরা মুক্তিযোদ্ধারা তাঁকে সমর্থন দিয়েছি। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে একটি মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে শাহনেওয়াজের নাম উল্লেখ করে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আমি জিডি করেছি।’
শাহনেওয়াজ শাহানশাহ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার নির্বাচনী প্রচারণার সময় বৃহস্পতিবার আমার সমর্থকদের ওপর হামলা চালান স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা।’