মুক্তিযোদ্ধার সন্তানের বিরুদ্ধে 'মিথ্যা' মামলার প্রতিবাদ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মুক্তিযোদ্ধার সন্তান নূর আলমের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত সোমবার নূর আলমকে শারীরিকভাবে নির্যাতনের পর মাদক ধরিয়ে দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন পৌর কাউন্সিলর মো. এমরান হোসেন। পরে নূর আলমের বিরুদ্ধে মামলা হয়।
গতকাল বিকেলে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তবলছড়ি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মিয়া চান সরকার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইছ উদ্দিন, সহকারী কমান্ডার হানিফ হাওলাদার ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা আহ্বায়ক মো. হারুন।
বক্তারা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের ওপর ‘হামলা ও নির্যাতনের’ প্রতিবাদ জানান ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এদিকে পৌরসভার কাউন্সিলর মো. একরাম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘একটি বাগানে বসে নূর আলমসহ চারজন গাঁজা ও হেরোইন সেবন করছিলেন এমন খবর পেয়ে আমরা সেখানে যাই। এ সময় তিনজন পালিয়ে যান। পরে আমরা নূর আলমকে মাদকসহ ধরে পুলিশে সোপর্দ করেছি।’