মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ৯ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনের গহিন থেকে কখনো বিস্তৃত হয়নি সেদিনের ঘটনা। কারণ, ঘটনাটি আজীবন ভোলার নয়। তবে এ নিয়ে গ্রামের কেউ কখনো কথা বলত না। জিজ্ঞেসও করত না কেউ। নিজের চরম লাঞ্ছনা আর শারীরিক নিপীড়নের কথা নিজেদের মধ্যেও কখনো আলোচনা করতেন না। হৃদয়ের মাঝে রক্তক্ষরণ সয়েছেন নীরবেই।
মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে সম্ভ্রম হারিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নয় নারী। সরকার তাঁদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার পর আলোচনায় আসেন তাঁরা। গেজেটে তাঁদের নাম প্রকাশিত হয়। তাঁরা জীবনসংগ্রামে পোড় খাওয়া গরিব নারী।
আর গতকাল বুধবার জীবনে প্রথমবারের মতো বিজয় দিবসের অনুষ্ঠানে একসঙ্গে জনসম্মুখে এলেন তাঁরা। এই জীবনে এবারের বিজয় দিবসটি তাঁদের জন্য অন্য রকম একটি দিন। বয়সের ভারে ন্যুব্জ এঁদের কেউ কেউ। লাঠি হাতে চলাফেরা করেন। গ্রামের মুক্তিযোদ্ধাদের সঙ্গে জেলা সদরে শহীদ সাটু হলে জেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান। এতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের একটি করে শাল (উলের চাদর) ও একটি করে শাড়ি দেওয়া হয়।
বোয়ালিয়ার জলো বেগম বলেন, ‘বুড়া বয়সে এখন আমাকে পরের দুয়ারে চ্যাহা-চিন্তা (ভিক্ষা করে) খাইতে হয়। এখুন সরকার যুদি ভাতা দেয়, তবে বুড়াতিকালে চ্যাহা খাইতে হোইবে না।’
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বলেন, বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে যাঁদের স্বীকৃতি দেওয়া হয়েছে, তাঁদের জন্য মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
যে নয় নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন, তাঁরা হলেন গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের রাবিয়া বেগম, হাসিনা বেগম, জলো বেগম, সফেদা বেগম, আয়েশা বেগম, রেনু বেগম, হাজেরা বেগম, আরবী বেগম, রাহেলা বেগম। এ ছাড়া একই অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মালেকা বেগম ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লাখেরাজপাড়ার লিলি বেগমকেও সম্মাননা জানানো হয়। এই দুজনও সম্প্রতি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।