মুক্তিযোদ্ধা আবদুল মতিন শয্যাশায়ী
মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেইনস্ট্রোক) হওয়ার পর মুক্তিযোদ্ধা মো. আবদুল মতিনের বাঁ হাত ও পা অবশ হয়ে যায়। এরপর সাত মাস ধরে দরিদ্র এ মুক্তিযোদ্ধা শয্যাশায়ী। তাঁর বাড়ি শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের নিজপাড়া মহল্লায়।আট ভাইবোনের মধ্যে আবদুল মতিন সবার বড়। ১৯ বছর বয়সে ১১ নম্বর সেক্টরের কমান্ডার শহীদ নাজমুল আহসানের নেতৃত্বে বেশ কয়েকটি সম্মুখযুদ্ধে তিনি অংশ নেন।আবদুল মতিন জানান, দেশ স্বাধীন হওয়ার পর পাশের কেন্দুয়াপাড়া গ্রামে তিনি বিয়ে করেছিলেন। কিন্তু আড়াই বছরের মাথায় তাঁর সংসার ভেঙে যায়। বাকি জীবন তিনি একাই পাড়ি দিয়েছেন। চলতি বছরের ৬ এপ্রিল চট্টগ্রামে এক আত্মীয়ের বাড়িতে থাকা অবস্থায় তাঁর ব্রেইনস্ট্রোক হয়। তখন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর বাঁ হাত-পা অবশ হয়ে যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ দিন চিকিৎসা নিয়ে তিনি বাড়ি চলে আসেন। বাল্যকালে চিকিৎসকের ভুল চিকিৎসায় তাঁর বাঁ চোখও নষ্ট হয়ে যায়। এখন বাধ্য হয়ে বিছানায় শুয়েই প্রকৃতির ডাকে সাড়া দিতে হচ্ছে। মুখে খাবার তুলে দেওয়াসহ তাঁকে দেখাশোনা করছেন তাঁর ছোট ভাই মোতাহার হোসেন।মোতাহার বলেন, ‘আমার নিজের সংসার কোনো রকমে চলে। তার ওপর ভাইয়ের প্রতিদিনের ওষুধসহ অন্যান্য খরচ জোগাতে অনেক কষ্ট হচ্ছে আমার। চিকিৎসার জন্য ভাইয়ের শেষ সম্বল ৫ শতাংশ জমিও বিক্রি করা হয়েছে। মুক্তিযোদ্ধা ভাতার যে দুই হাজার টাকা আমার ভাই পেতেন, সেই চেকও অন্যের কাছে বন্ধক দেওয়া হয়েছে অনেক আগে।’আবদুল মতিন জানান, ১৯৭১ সালের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ শোনার পর তিনি, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হালিমসহ তিনজন নাঁকুগাঁও সীমান্ত হয়ে ভারতের ডালুতে চলে যান। সেখানে টানা এক মাস প্রশিক্ষণ গ্রহণ করে তাঁরা কোম্পানি কমান্ডার নাজমুল আহসানের অধীনে বারোমারি, হাতিপাগার, তন্তর ফরেস্ট ক্যাম্প, তেলিখালি, সরচাপুরে যুদ্ধে অংশ নেন। তিনি বলেন, ‘তেলিখালিতে ছিল হানাদার বাহিনীর শক্ত ঘাঁটি। ভারতীয় মিত্র বাহিনীর ব্রিগেডিয়ার সামসিংহের নেতৃত্বে সেখানে যুদ্ধে অংশগ্রহণ করি। ওই লড়াইয়ে আমার চোখের সামনে শহীদ হন লোফটেন্যান্ট আবুল হাসেম, শওকত হোসেনসহ ১৫ জন।’নালিতাবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহিরুল হক জানান, একজন মুক্তিযোদ্ধার দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছেন, বিষয়টা দুঃখজনক। নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. শাহাব উদ্দিন জানান, ভালো চিকিৎসাসেবা পেলে হয়তো এই বীর মুক্তিযোদ্ধা স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন।