মুক্তিযোদ্ধা এখন রিকশাচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে দেশকে শত্রুমুক্ত করার জন্য যুদ্ধ করেছেন। হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। আজ জীবিকার তাগিদে সেই হাতে ধরেছেন রিকশার হাতল। ২০ বছর ধরে এভাবে রিকশা চালিয়ে সাত সদস্যের সংসার চালাচ্ছেন তিনি।ওই মুক্তিযোদ্ধার নাম হাদিস পেয়াদা (৬৫)। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের রাজপাড়া গ্রামে তাঁর বাড়ি। একটি কুঁড়েঘরে পরিবার নিয়ে বাস করেন তিনি। তাঁর এক ছেলে ও চার মেয়ে। বড় দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলে ছোট হওয়ায় তাঁকেই রিকশা চালিয়ে সংসারের খরচ জোগাড় করতে হচ্ছে।গত সোমবার সকালে মঠবাড়িয়া পৌর শহরের তুষখালী সড়কে দেখা মেলে হাদিস পেয়াদার। শীতের সকালে ঠান্ডা বাতাসের মধ্যেও তাঁর শরীর থেকে ঘাম ঝরছিল। তিনি জানান, মুক্তিযুদ্ধে অংশ নিতে প্রথমে সুন্দরবনের বগী ক্যাম্পে যান তিনি। সেখানে কিছুদিন অবস্থানের পর নৌকাযোগে ভারতে চলে যান। ভারতের আমলানী ক্যাম্পে তিন মাস প্রশিক্ষণের পর বাংলাদেশে এসে বাগেরহাটের রায়েন্দা এলাকায় যুদ্ধে অংশ নেন। ওই যুদ্ধে তাঁর দুই সঙ্গী শহীদ হন।দেশ স্বাধীন হওয়ার পর তিনি এমভি রোকেয়া নামের একটি লঞ্চে চাকরি নেন। এভাবে কাটে ২১ বছর। একদিন রাতে নদীতে লঞ্চ চালাতে গিয়ে দুর্ঘটনায় দুই চোখে আঘাত পান তিনি। এ অবস্থায় চাকরি ছেড়ে বাড়িতে চলে আসেন। কিছুদিন পর সুস্থ হয়ে ভাড়ায় রিকশা চালানো শুরু করেন। পরে মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া ভাতার টাকা জমিয়ে একটি রিকশা কেনেন।হাদিস পেয়াদা জানান, প্রতিদিন সকালে বাড়ি থেকে আট কিলোমিটার দূরে উপজেলা সদরে দিনভর রিকশা চালিয়ে রাতে বাড়ি ফেরেন। অভাবের কারণে ছোট দুই মেয়েকে বিয়ে দিতে পারছেন না।হাদিস পেয়াদা বলেন, ‘নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু জীবনযুদ্ধ আর শেষ হয় না। মুক্তিযোদ্ধার ভাতা আর রিকশা চালানোর পয়সায় কোনোমতে চলছে সংসার।’উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বাচ্চু মিয়া বলেন, ‘হাদিস পেয়াদা একজন দুস্থ মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন, এটা দুঃখজনক! বরাদ্দ পেলে তাঁর জন্য কিছু করার চেষ্টা করব।’