আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নতুন নীতিমালা
মুক্তিযোদ্ধা ও ক্যাডারভুক্ত কর্মকর্তাদের ফি লাগবে না
সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও ক্যাডারভুক্ত প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি ও তা নবায়নের জন্য ফি দিতে হবে না। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও তা নবায়ন বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা নতুন নীতিমালায় তাঁদের জন্য এই সুবিধা রাখা হয়েছে।নতুন নীতিমালায় সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ফি ও নবায়নের ফি বাড়ানো হয়েছে। গত সপ্তাহে এই নীতিমালা জারি করা হয়।জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, মানুষের সুবিধার জন্য নীতিমালাকে যুগোপযোগী এবং আরও সহজ করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের বিষয়ে আগে বিভিন্ন সময়ে জারি করা সার্কুলার, অফিস আদেশ, প্রজ্ঞাপনগুলোর সমন্বয় করে পূর্ণাঙ্গ এই নীতিমালা করা হয়েছে। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আগের শর্তগুলোই বহাল রয়েছে।নীতিমালায় নতুন যুক্ত হয়েছে মুক্তিযোদ্ধা ও ক্যাডারভুক্ত কর্মকর্তাদের জন্য সুবিধার বিষয়টি। এতে বলা হয়, সনদপ্রাপ্ত (সরকারি গেজেটে বিজ্ঞাপিত) মুক্তিযোদ্ধা এবং চাকরিরত ও অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণীর ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের (যাঁদের চাকরির বয়স ১০ বছর অতিক্রান্ত হয়েছে) ক্ষেত্রে শটগান, রাইফেল, রিভলবার ও পিস্তলের লাইসেন্স ফি ও নবায়ন ফি প্রযোজ্য হবে না।নতুন নীতিমালায় পিস্তল বা রিভলবারের লাইসেন্স ফি চার হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার, শটগানের এক হাজার ৫০০ ও রাইফেলের জন্য দুই হাজার টাকা। এগুলোর লাইসেন্সের নবায়ন ফিও বাড়ানো হয়েছে। পিস্তল বা রিভলবারের নবায়ন ফি দুই হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার এবং শটগান ও রাইফেলের ক্ষেত্রে নবায়ন ফি ৮০০ থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে।ডিলিং (বেচাকেনা) এবং মেরামতি লাইসেন্স ফি (শটগান, রাইফেল ও পিস্তল) করা হয়েছে ১০ হাজার টাকা ও নবায়ন ফি এক হাজার ৫০০ টাকা। এ ছাড়া সেফ কিপিং লাইসেন্স ফি ১০ হাজার ও নবায়ন ফি এক হাজার টাকা করা হয়েছে।নীতিমালা অনুযায়ী, কোনো ব্যক্তিকে সর্বোচ্চ দুটির (একটি পিস্তল বা রিভলবার এবং একটি শটগান বা রাইফেল) বেশি লাইসেন্স দেওয়া হবে না। তবে যাঁদের ইতিমধ্যে দুইয়ের অধিক আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে, তা বহাল থাকবে। লাইসেন্সের জন্য আবেদনকারীকে করদাতা হতে হবে। পিস্তল/রিভলবারের ক্ষেত্রে আবেদনকারীকে আবেদনের কর বছরে ন্যূনতম তিন লাখ এবং শটগান/রাইফেলের জন্য ন্যূনতম এক লাখ টাকা আয়কর দিতে হবে।তবে স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তি, বিচারপতি, সাংসদ, পৌর মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্রথম শ্রেণীর স্থায়ী সরকারি কর্মকর্তা, সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, চলমান জাতীয় দলের শুটার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত বিশিষ্ট ব্যক্তির ক্ষেত্রে নির্ধারিত এই আয়কর পরিশোধের বাধ্যবাধকতা নেই।