মুক্তিযোদ্ধা ও লেখক ড. জহিরুল ইসলামের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. জহিরুল ইসলাম
ড. জহিরুল ইসলাম

মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের গেরিলা মুক্তিযোদ্ধা ড. জহিরুল ইসলাম গতকাল রোববার বিকেল সাড়ে তিনটায় কানাডার টরন্টো বে-ক্রেস্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গত এক বছর ধরে তিনি দুরারোগ্য লিভার ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম ১৯৫১ সালের ২৯ আগস্ট কুমিল্লার মুরাদনগরের পাহাড়পুর গ্রামে জন্মগ্রহণ করেন। একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ক্যাপ্টেন হায়দারের তত্ত্বাবধানে গেরিলাযুদ্ধের প্রশিক্ষণ নেন এবং ২ নম্বর সেক্টরের অধীনে ঢাকা শহর ও সংলগ্ন এলাকায় গেরিলা যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধের ওপর তাঁর লেখা বই ‘একাত্তরের গেরিলা’ ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। ক্যাপ্টেন হায়দারকে নিয়ে ‘মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তাঁর বিয়োগান্ত বিদায়’ বইটির জন্য তিনি এ বছর আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পান।
কর্মজীবনে ড. জহিরুল ইসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ছিলেন। ২০০১ সাল থেকে তিনি সপরিবারে কানাডার টরন্টোতে বাস করছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এ কন্যা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শোক জানিয়েছেন। আগামীকাল মঙ্গলবার টরন্টো বায়তুল আমান মসজিদে তাঁর জানাজা হবে।