মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল সোমবার শেরপুর পৌরসভার উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই দিন নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গণহত্যায় স্বামী হারানো ৩০ জন নারীর মধ্যে শাড়ি ও কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা হাকিম মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পৌর শহরে বসবাসরত ১৩২ জন মুক্তিযোদ্ধা ও ১১ শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। শেষে পৌর মেয়র ও অতিথিরা মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।
নালিতাবাড়ী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ২৫ জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসর রাজাকারদের সহযোগিতায় কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে গণহত্যা চালায়। সে সময় পাকিস্তানি সৈন্যরা নিরস্ত্র ১৮৭ জন গ্রামবাসীকে হত্যা করে। এতে ৬২ জন নারী বিধবা হন। সোহাগপুর গ্রামের বেনুপাড়ার সব পুরুষকে হত্যা করা হয়। স্বাধীনতার পর পাড়াটি বিধবাপল্লি হিসেবে পরিচিতি পায়। তাঁদের মধ্যে এখন বেঁচে আছেন ৩০ জন নারী। গতকাল তাঁদের মধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করে কম্বল, শাড়ি ও দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে ইউএনও তরফদার সোহেল রহমান বিধবাপল্লিতে গিয়ে তাঁদের হাতে এসব উপহার তুলে দেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল হোসেন ও ইউএনও। অনুষ্ঠান পরিচালনা করেন সোহাগপুর শহীদ পরিবারকল্যাণ সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন।