মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গিয়াস মজুমদার আর নেই
বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গিয়াস উদ্দিন মজুমদার (৬১) আর নেই। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মরহুমের পারিবারিক সূত্র জানায়, ২৩ নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।গতকাল মঙ্গলবার সকালে প্রথমে জাতীয় প্রেসক্লাব ও পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকেরা জানাজায় অংশ নেন। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।গিয়াস উদ্দিন মজুমদার ১৯৬৯ সালে দৈনিক মজদুর পত্রিকার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। ১৯৭০ সালে ইস্টার্ন নিউজ এজেন্সির (এনা) বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি গভীর শোক প্রকাশ করেছে।