মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থবিত্তের জন্য কেউ মুক্তিযুদ্ধে যাননি। মা-বোনের সম্ভ্রম বাঁচাতে, মাতৃভূমিকে শত্রুমুক্ত করতে যুদ্ধে গিয়েছিলেন।
গতকাল শনিবার চট্টগ্রামের বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় জাসদের একাংশের কার্যকরী সভাপতি ও স্থানীয় সাংসদ মইন উদ্দীন খান বাদল এসব কথা বলেন।
উপজেলার আরাকান সড়কের পাশে পশ্চিম গোমদন্ডীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত সভায় সাংসদ মইন উদ্দীন খান আরও বলেন, দেশের প্রতিটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাদুঘর থাকতে হবে। যেখানে ওই উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের ছবিসহ সংক্ষিপ্ত জীবনী থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন মিয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আ হ ম নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সাধারণ সম্পাদক এস এম সেলিম, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম।
২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচতলার ভিত্তি দিয়ে ১৪ শতক ভূমিতে তিনতলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।
এর আগে সকালে সাংসদ মইন উদ্দীন খান অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহার চারটি বাড়ি চারজন মুক্তিযোদ্ধাকে বুঝিয়ে দেন।