শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সাহাব উদ্দিনকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন উপজেলার ১৪ জন মুক্তিযোদ্ধা। এ বিষয়ে একটি আবেদন গত ২২ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কাছে পাঠানো হয়েছে।
উপজেলা প্রশাসন ও লিখিত আবেদনে জানা গেছে, ১৯৭১ সালে সাহাব উদ্দিন ভারতের মেঘালয়ে প্রশিক্ষণ শেষে নালিতাবাড়ী উপজেলায় অপারেশনে আসেন। এ সময় তিনি একটি এলএমজি ও ২০০ রাউন্ড গুলিসহ পাকিস্তানি সেনাদের ঝিনাইগাতী উপজেলার আহমদনগর ক্যাম্পে আত্মসমর্পণ করেন। পাকিস্তানি সেনারা তাঁকে হত্যা না করে জামালপুর কারাগারে বন্দী করে রাখে। স্বাধীনতার পর তিনি কারাগার থেকে মুক্তি পান। ২০০৪ সাল পর্যন্ত তিনি কখনো নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেননি। ২০০৫ সালে চারদলীয় জোট সরকারের আমলে জেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করে। ২০১০ সালের ১০ জুলাই তিনি স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মাধ্যমে কমান্ডার নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে ২০১৫ সালের ১৪ জুলাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় কমান্ডার নির্বাচিত হন। সম্প্রতি উপজেলায় মুক্তিযোদ্ধা হিসেবে নতুন ৬৯ জন আবেদন করেছেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা হিসেবে ২৮০ জন রয়েছেন। তাঁদের যাচাই-বাছাই করতে সাত সদস্যের কমিটিতে আছেন সাহাব উদ্দিন।
অভিযোগকারী মোস্তাফিজুর রহমান বলেন, ‘সাহাব উদ্দিন একজন সারেন্ডার করা মুক্তিযোদ্ধা। তাঁকে যাচাই-বাছাই কমিটি থেকে বাদ দিতে ও তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপজেলার ১৪ জন মুক্তিযোদ্ধার স্বাক্ষরিত একটি আবেদন আমরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে পাঠিয়েছি। আমাদের দাবি, তাঁকে কমিটি থেকে বাদ দিয়ে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’
এ ব্যাপারে সাহাব উদ্দিন বলেন, ‘আমি কখনো আত্মসমর্পণ করি নাই। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট তালিকায় যাঁদের নাম আছে তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রয়োজন পড়ে না। তাই যাচাই-বাছাই কমিটি থেকে আমাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।’
ইউএনও তরফদার সোহেল রহমান বলেন, গত বুধবার দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে বিষয়টি যাচাই-বাছাই কমিটিতে উত্থাপনের নির্দেশনা পেয়েছেন। ২৮ জানুয়ারি যাচাই-বাছাই কমিটির সভা আহ্বান করা হয়েছে। এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।