মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিতার বিরুদ্ধে রাজাকার ও অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করাসহ নানা অনিয়মের অভিযোগ করা হয়েছে। গতকাল রোববার ঝিনাইদহ প্রেসক্লাবে স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন।
উপস্থিত মুক্তিযোদ্ধাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা মেহের আলী। তিনি অভিযোগ করেন, শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বর্তমান কমান্ডার মনোয়ার হোসেন মালিতা দেশ স্বাধীনের পর থেকেই যখন যে দল রাষ্ট্রক্ষমতায় থেকেছে, সেই দলে যোগ দিয়ে লেজুড়বৃত্তি করে আসছেন। আর ক্ষমতার জোরে নানা অপকর্ম করেছেন। তিনি শৈলকুপার কয়েকজন অমুক্তিযোদ্ধাকে অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দিয়েছেন। আর এসব অবৈধ মুক্তিযোদ্ধার দাপটে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাঁদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা অবিলম্বে দুর্নীতিবাজ এই কমান্ডারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান পুনঃপ্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে গোলাম নবী, লুৎফর রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিতা জানান, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি কোনো রাজাকার ও অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করেননি। কারণ, কাউকে মুক্তিযোদ্ধা বানানোর ক্ষমতা তাঁর নেই।