মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী শিক্ষা বৃত্তি প্রদান
হবিগঞ্জে অদম্য পাঁচ শিক্ষার্থীর হাতে গতকাল শনিবার দুপুরে প্রথমবারের মতো তুলে দেওয়া হলো ‘বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী শিক্ষা বৃত্তি-২০১২’-এর সনদ ও অর্থ।গতকাল বেলা দুইটায় হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ মিলনায়তনে হবিগঞ্জের বিশিষ্ট ব্যক্তিরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন কমান্ড্যান্ট মানিক চৌধুরীর ত্যাগী জীবনের কথা। বক্তারা বলেন, মানিক চৌধুরী ব্যক্তিজীবনে ছিলেন একজন আদর্শিক সাহসী রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা।হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক নিখিল ভট্টাচার্য। অতিথি হিসেবে বক্তব্য দেন চৌধুরী আবদুল হাই, অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, মানিক চৌধুরীর শিক্ষক অরবিন্দু দাশ, নাজমুল হক, শাবান মিয়া, সাইদুর রহমান, আমীর উদ্দিন, ইন্দ্রভূষণ দাশ রায়, মানিক চৌধুরীর সহধর্মিণী বেগম রোকেয়া চৌধুরী, অনুপ কুমার দেব এবং বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রনি দাশ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মানিক চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র রাজনীতিবিদ রাজন চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেন কন্যা কেয়া চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন আল্পনা কর্মকার।এবার যাঁরা বৃত্তি পেলেন, তাঁরা হলেন: বৃন্দাবন সরকারি কলেজের রনি দাশ, শামীমা আক্তার ও মো. কামরুল ইসলাম এবং হবিগঞ্জ মহিলা সরকারি কলেজের দিবা রানী কর্মকার ও খাদিজা আক্তার চৌধুরী। বিজ্ঞপ্তি।