মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কাজে ক্ষুব্ধ সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি। ক্রমে লোকসানি সংস্থায় পরিণত হওয়ায় কমিটি প্রতিষ্ঠানটির অপ্রয়োজনীয় জনবল বাদ দেওয়া এবং এর যেসব প্রতিষ্ঠান লাভজনক করা সম্ভব, সেগুলো পুনরায় চালুর সুপারিশ করেছে।গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভাপতি এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভার পর গোলাম মোস্তফা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধাদের উন্নয়নের উদ্দেশ্যে ট্রাস্ট করা হলেও সে উদ্দেশ্য পুরোপুরি ব্যর্থ হয়েছে। ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৮০ সালের পর পর্যায়ক্রমে ১৫টি বন্ধ করে দেওয়া হয়। বিক্রি করে দেওয়া হয় সাতটি, চালু আছে তিনটি প্রতিষ্ঠান। বর্তমানে ট্রাস্টের মাসিক আয় মাত্র ২০ লাখ টাকা, ব্যয় এক কোটি টাকার ওপরে।অনিয়ম ও দুর্নীতি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের দুরবস্থার মূল কারণ বলে ব্যাপকভাবে মনে করা হয়ে থাকে।গোলাম মোস্তফা বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়ার জন্য চলতি বাজেটে ৬৩ কোটি টাকা বরাদ্দ রেখেছে। ভবিষ্যতে ভাতার টাকা যাতে ট্রাস্টের তহবিল থেকে দেওয়া যায়, সে জন্য কমিটি লাভজনক হতে পারে এমন বন্ধ প্রতিষ্ঠানগুলো চালুর সুপারিশ করেছে। এ ছাড়া ট্রাস্ট থেকে অপ্রয়োজনীয় জনবল বাদ দেওয়ারও সুপারিশ করা হয়েছে।সভায় জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডকে (ইডিসিএল) মানসম্মত ওষুধ উত্পাদন এবং তা কম দামে বিতরণের সুপারিশ করা হয়।সভায় অন্যদের মধ্যে কমিটির সদস্য বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, বীরেন শিকদার ও আমিনা আহমেদ উপস্থিত ছিলেন।