মুক্তিযোদ্ধা কাঁকন বিবি ওয়ার্ড থেকে কেবিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা নুরজাহান কাঁকন বিবিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাধারণ ওয়ার্ড থেকে শীতাতপনিয়ন্ত্রিত কেবিনে নেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁর চিকিৎসার বিষয়ে সভা করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান এ এফ এম নাজমুল ইসলামকে সভাপতি করে ছয় সদস্যের ওই মেডিকেল বোর্ড গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন নিউরোমেডিসিন বিভাগের প্রধান মো. মতিউর রহমান, মেডিসিন বিভাগের চিকিৎসক শিশির রঞ্জন চক্রবর্তী ও হেজবুল্লাহ জীবন, রেসপিরেটরি মেডিসিন বিভাগের শেখ মেজবাউল ইসলাম ও হৃদ্‌রোগ বিভাগের এস এম হাবিবুল্লাহ। গতকাল সকাল ১০টার দিকে কাঁকন বিবির কেবিনে তাঁর স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন প্রতিবেদন নিয়ে বোর্ডের সভা হয়।

হাসপাতালের উপপরিচালক দেবপদ রায় বলেন, ‘কাঁকন বিবির বয়স ১০৩ বছর। তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। বিশেষ করে শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছি।’

কাঁকন বিবির মেয়ে সকিনা বিবি বলেন, গত বুধবার তাঁর মা অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার বিকেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান (বীর প্রতীক) মো. ইদ্রিস আলীসহ ছাতক উপজেলার মুক্তিযোদ্ধারা হাসপাতালে কাঁকন বিবিকে দেখতে যান। এর আগে শনিবার সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার আসনের সাংসদ মুহিবুর রহমান ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হাসপাতালে তাঁকে দেখতে যান। এ সময় আরিফুল হক তাঁর চিকিৎসার যাবতীয় ব্যয় বহনের ঘোষণা দেন।

দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাসিন্দা কাঁকন বিবি ৫ নম্বর সেক্টরের কমান্ডার মীর শওকত আলীর তত্ত্বাবধানে পাকিস্তানি বাহিনীর অবস্থানের বিষয়ে নানা তথ্য সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের সরবরাহ করতেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পাকিস্তানি সেনাদের ওপর বড় ধরনের আক্রমণ চালানো হতো। ১৯৯৭ সালে দুটি জাতীয় দৈনিকে কাঁকন বিবির এই অবদানের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বছর বিজয় দিবসে কাঁকন বিবিকে সংবর্ধনা দেন।