মুক্তিযোদ্ধা কাজী কামালউদ্দিন আর নেই
মুক্তিযোদ্ধা কাজী কামালউদ্দিন আহমেদ বীর বিক্রম (৬৫) আর নেই। গতকাল রোববার সন্ধ্যায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। পারিবারিক সূত্র জানায়, কামালউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া গত বছরের ডিসেম্বর মাসে তাঁর ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার রাতে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাজী কামালউদ্দিন আহমেদের মেয়ে কাজী মাশফিয়া ফারদিন প্রথম আলোকে বলেন, আজ সোমবার বাদ জোহর বনানীর চেয়ারম্যানবাড়ীর মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শাকাশা গ্রামে। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।