মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনে বাধা নেই
মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। হাইকোর্টের দেওয়া আদেশের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন আদালত।
এর ফলে আগামী ৪ জুন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই বলে দাবি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ৪ জুন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গত বছরের ৮ ডিসেম্বর প্রশাসক নিয়োগ এবং এ বছরের ১৪ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন মুক্তিযোদ্ধা কবির আহমেদ খান। রিটে বলা হয়, গঠনতন্ত্রের ১৯(ক) অনুসারে একই দিনে জেলা ও উপজেলায় কেন্দ্রীয় কমান্ডের নির্বাচন হতে পারে না।
বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রিটের প্রাথমিক শুনানির পর গত রোববার আদেশ দেন। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনের কার্যক্রমের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে রুলও জারি করেন।
রুলে প্রশাসক নিয়োগ ও ঘোষিত তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, উপসচিব, প্রধান নির্বাচন কমিশনার, অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের মধ্যে জবাব দিতে বলা হয়।
পরে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে।