মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কাউন্সিলের নির্বাচন স্থগিত
মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনের কার্যক্রমের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর আজ রোববার এ আদেশ দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ৪ জুন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গত বছরের ৮ ডিসেম্বর প্রশাসক নিয়োগ এবং এ বছরের ১৪ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেন কবির আহমেদ খান নামের এক প্রার্থী। রিটে বলা হয়, গঠনতন্ত্রের ১৯(ক) অনুসারে একই দিনে জেলা ও উপজেলায় কেন্দ্রীয় কমান্ডের নির্বাচন হতে পারে না।
রুলে প্রশাসক নিয়োগ ও ঘোষিত তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, উপসচিব, প্রধান নির্বাচন কমিশনার, অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এ এম আমিনুদ্দিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, আদালত নির্বাচনের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত ও রুল জারি করেছেন। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।