বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ না করার প্রতিবাদে মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও ও শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করে।জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডাকা সপ্তাহব্যাপী আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে তাঁরা সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও ও সমাবেশ করেছে। এই কর্মসূচির প্রথম দিন ছিল গতকাল রোববার। বেলা সাড়ে ১১টায় সাতমাথায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গেলে পুলিশ সেখানে বাধা দেয়। এ সময় তাঁরা ওই কার্যালয়ের গেটের সামনে অবস্থান নিয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করে। একপর্যায়ে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা কমান্ডার আবদুল আজিজসহ চারজন প্রতিনিধি সিভিল সার্জনের সঙ্গে সাক্ষাত্ করে তাঁদের দাবি তুলে ধরেন। তাঁরা সিভিল সার্জনকে এই নিয়োগ বন্ধ রেখে মুক্তিযোদ্ধা কোটা (৩০ শতাংশ) অনুসরণের দাবি জানান। সিভিল সার্জন কার্যালয় ঘেরাও করার কারণে সে সময় শহীদ ছুনু সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সেখানে আধা ঘণ্টা অবস্থান করার পর তাঁরা মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা অবরোধ করে।