মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা বাতিল করার ষড়যন্ত্র ও মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং প্রশাসন থেকে স্বাধীনতাবিরোধীদের অপসারণের দাবিতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা সদরের মুক্তি চত্বরে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি চলে। এতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তাঁরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।
বক্তারা বলেন, স্বাধীনতার ৪৫ বছরেও অনেক মুক্তিযোদ্ধা এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। বিভিন্ন ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা নির্যাতন ও হয়রানির স্বীকার হচ্ছেন। শুধু তা-ই নয়, চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য যে কোটা রয়েছে, তা উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি প্রশাসন থেকে স্বাধীনতাবিরোধীদের অপসারণের দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি রাশেদ নিজাম, সহসভাপতি ছানা উল্লা, আবদুর রহিম, মো. মাহবুব, ইকবাল হোসেন, মো. মামুন প্রমুখ।