পুলিশের উপপরিদর্শক নিয়োগ
মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ না করা কেন অবৈধ নয় জানতে চেয়েছেন হাইকোর্ট
পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য শতকরা ৩০ ভাগ কোটা সংরক্ষণ না করা কেন অবৈধ নয়, তা জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, সংস্থাপনসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ আটজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উপপরিদর্শক পদে পরীক্ষার্থী সাত মুক্তিযোদ্ধা সন্তানের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। একই সঙ্গে ২৫ জুলাই রুল শুনানির দিন ধার্য করে দিয়েছেন আদালত। জানা যায়, গত বছরের ৮ ফেব্রুয়ারি পুলিশের উপপরিদর্শক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এ বছরের ৮ জুন ওই পদে ৯৭১ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়। তাঁদের মধ্যে ১৯২ জন নিয়োগ পান মুক্তিযোদ্ধা কোটায়। যা মোট নিয়োগের ১৯ শতাংশ। কিন্তু আইন অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটায় ৩০ শতাংশ নিয়োগের কথা রয়েছে। এটি অনুসরণ না করায় নাজমুল হুদাসহ সাত মুক্তিযোদ্ধার সন্তান রিটটি দায়ের করেন।