মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিতে গিয়ে বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সনদ দাখিল করার পরেও এ কোটায় সরকারি চাকরি পেতে সংকটে পড়েছেন মুক্তিযোদ্ধাদের বেশ কয়েকজন সন্তান ও পোষ্য। প্রত্যয়নপত্র মিলছে না মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের। কারণ, মন্ত্রণালয় এক জটিল শর্ত জুড়ে দিয়েছে—মুক্তিযোদ্ধার বয়স নিশ্চিত করতে জমা দেওয়া সনদ ‘অনলাইনে যাচাইযোগ্য’ হতে হবে।
পোষ্যরা মুক্তিযোদ্ধা হিসেবে যেসব ব্যক্তির সনদ জমা দিয়েছেন, তাঁদের অনেকে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন ডেটাবেইস চালু হওয়ার আগেই মারা গেছেন। এ কারণে তাঁদের বয়স প্রমাণ করার উপযুক্ত এমন কোনো সনদ জোগাড় করা সম্ভব নয়, যা অনলাইনে যাচাইযোগ্য। ৩৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারের জন্য মুক্তিযোদ্ধা কোটায় চাকরির জন্য বিবেচিত ২২ জন পড়েছেন এই সংকটে।
৩৪তম বিসিএস পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়া শেষে গত বছরের ২৯ আগস্ট চূড়ান্ত ফলাফলে মোট ২৭২ জন মুক্তিযোদ্ধার সন্তান অথবা পোষ্য হিসেবে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হন। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় এসব প্রার্থীর জমা দেওয়া মুক্তিযোদ্ধা সনদের সত্যতা যাচাইয়ের জন্য কাগজপত্র মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় ৪৯ জনকে প্রত্যয়ন করেনি। এর মধ্যে ২২ জনের প্রত্যয়ন আটকে দেওয়ার পেছনে কারণ হিসেবে বলা হয়েছে যে তাঁদের জমা দেওয়া কাগজপত্রের মধ্যে অনলাইনে যাচাইযোগ্য কোনো সনদ (জন্মসনদ বা এসএসসি পরীক্ষা পাসের সনদ বা জাতীয় পরিচয়পত্র) পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে একজন ভুক্তভোগী প্রথম আলোকে বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ সালে জারি করা হয়। এ আইন কার্যকর হয় ২০০৬ সালের ৩ জুলাই থেকে। আমাদের বাবা বা দাদা-নানাদের জন্মনিবন্ধন করা ছিল এ আইন কার্যকর হওয়ার আগেই। আবার অনেকের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা অভিভাবক মারাও গেছেন অনেক আগে। অথচ তাঁদের বেলায়ও অনলাইনে যাচাইযোগ্য জন্মসনদ ও মৃত্যুসনদ চাওয়া হচ্ছে।’
ভুক্তভোগীদের আরেকজন বলেন, তাঁর মুক্তিযোদ্ধা নানার জন্ম ১৯৩৮ সালে। তিনি ১৯৫৩ সালে ম্যাট্রিকুলেশন (এসএসসি) পাস করেন। মারা যান ১৯৭৫ সালে। এখন এই মুক্তিযোদ্ধা নানার অনলাইনে যাচাইযোগ্য জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ বা অন্যান্য সনদ সংগ্রহ করা আর সম্ভব নয়।
এই ভুক্তভোগী সমস্যাটি ব্যাখ্যা করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন জানান। আবেদনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মন্ত্রণালয়ের প্রত্যয়ন শাখাকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন গত ২৮ মার্চ। তবে ওই ভুক্তভোগী এখনো প্রত্যয়নপত্র হাতে পাননি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘ভুক্তভোগীদের সহায়তা করার জন্যই আমরা আছি। মুক্তিযোদ্ধাদের বয়স নিশ্চিত হওয়ার বিষয় আছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীরও অনুশাসন আছে। তাই যাচাই-বাছাই করা হচ্ছে।’
স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধাদের বয়স নিশ্চিত হতে চাইলে ১৯৭০ সাল বা এর পরের যে ভোটার তালিকা আছে, তা দেখা যায়। সেখানে বয়স উল্লেখ করা আছে এবং কেউ চাইলেও তখনকার ভোটার তালিকায় নাম তুলতে পারবে না বা কোনো পরিবর্তন করতে পারবে না।
আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘২০০৬ সালের ৩ জুলাইয়ের আগে যাঁরা মারা গেছেন, তাঁদের জন্ম বা মৃত্যু নিবন্ধন বর্তমান আইনে হওয়ার কথা নয়। বিষয়টি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে লিখিত ও মৌখিকভাবে অনেকবার বলাও হয়েছে।’